মেইলবক্সকে কিনে নিচ্ছে ড্রপবক্স

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ১৯:০৪
অনলাইন স্টোরেজ হিসেবে প্রথম প্রজন্মের একটি সেবার নাম ড্রপবক্স। সময়ের সাথে সাথে অনলাইন স্টোরেজের আরও অনেক সার্ভিস চালু হলেও শুরু থেকেই সকলের মাঝে নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে সমর্থ হয়েছে ড্রপবক্স। প্রতিনিয়তই তাদের গ্রাহক সংখ্যা বাড়ছে। এই অনলাইন স্টোরেজ সার্ভিস যাতে আরও কার্যকরী হয়ে ওঠে, তার লক্ষ্যেই ড্রপবক্স এবারে কিনে নিয়েছে ইমেইল ব্যবস্থাপনার অ্যাপ্লিকেশন মেইলবক্সকে। তবে এই চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কোনো পক্ষই। স্কট ক্যানন এবং জেনট্রি আন্ডারউড গড়ে তোলেন এই ইমেইল ব্যবস্থাপনার অ্যাপ্লিকেশন। এই সেবাটি কিনে নেওয়া সম্পর্কে জানিয়ে ড্রপবক্সের প্রতিষ্ঠাতা ড্রিউ হাউসটন এবং আরাশ ফেরদৌসী এক ব্লগে জানিয়েছেন, ‘মেইলবক্সের সাথে একত্রিত হয়ে আমরা আরও বড় ধরনের সেবা প্রদান করতে পারি। আর সে কারণেই আমরা একত্রিত হয়ে পথ চলার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’ ভবিষ্যতে অনলাইন স্টোরেজ ছাড়াও বাড়তি কিছু সেবা প্রদান করতেই ড্রপবক্স একে কিনে নিয়েছে—এমনটাই মন্তব্য প্রযুক্তি বিশ্লেষকদের।