আদিতমারীতে গম চাষের উপর মাঠ দিবস
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ ডলোচুন প্রয়োগ করে ভাল ফলনের আশা করছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের দেবীরপাঠ গ্রামের কৃষক মহেশ্বর বর্ম্মণ। গতকাল মঙ্গলবার এক মাঠ দিবসে তার এ সাফল্য উঠে এসেছে। আরডিআরএস বাংলাদেশ লালমনিরহাট শাখার ফুড ফর প্রোগ্রেস ফর বাংলাদেশ প্রকল্পের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হামিদুর রহমান।
দাদীর সাথে বেড়াতে এসে লাশ হলো ইব্রাহিম
নীলফামারী প্রতিনিধি\ দাদীর সাথে হোটেলে এসে লাশ হয়ে বাড়ি ফিরেছে আড়াই বছর বয়সী শিশু ইব্রাহিম। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সদরের চিনিকুঠি বাজারে। ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা গ্রামের আবুল কালামের শিশু পুত্র ইব্রাহিমকে নিয়ে দাদী ছমিরন বিবি চিনিকুঠি বাজারের একটি হোটেলে যায়। এরই এক ফাঁকে দাদীসহ সকলের চোখ ফাঁকি দিয়ে শিশু ইব্রাহিম হোটেলে থাকা টিউবওয়েলের পানির জমা হওয়ার গর্তে পড়ে যায়। খোঁজাখুঁজির পর ইব্রাহিমের নিথর দেহ গর্ত থেকে উদ্ধার করা হয়।
গফরগাঁওয়ে তিন বাড়িতে ডাকাতি
গফরগাঁও সংবাদদাতা \ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার টাংগাব ইউনিয়নের বামনখালী গ্রামে সোমবার রাতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। রাত ১টার দিকে গ্রামের খুরশেদা খাতুন, স্বপন মিয়া ও দক্ষিণ কোরিয়া প্রবাসী তৌহিদুল ইসলামের বাড়িতে ১৫/২০ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতদল দরজা ভেঙ্গে ঢুকে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে নগদ ১ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে।
সম্মাননা পেলেন চাটমোহরের মহিলা ভাইস চেয়ারম্যান
চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদ রাজশাহী বিভাগের সফল উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে স্বাধীনতা সম্মাননা স্মারক পেয়েছেন। বাংলাদেশ শিশুকে কিশোর ফাউন্ডেশন তাকে এই সম্মাননা দেন। ১৬ মার্চ ঢাকাস্থ ফটোজার্নালিস্ট মিলনায়তনে তাকে এই সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাড. ইউসুফ হোসেন হুমায়ুন।
ইসলামপুরে উন্নয়নমূলক সভা
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ ইসলামপুরে শনিবার উপজেলা নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদ অস্থায়ী কার্যালয়ে শিক্ষক, মাদ্রাসার সুপার, ইউপি সদস্য ও সুধীদের নিয়ে উন্নয়নমূলক কর্মকান্ড ও শান্তি-শৃঙ্খলা, সমপ্রীতি বজায় রাখা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মশিউর রহমান বাদল-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।
নাসিরনগরে ব্র্যাকের হেলথ বিষয়ক অরিয়েন্টেশন
নাসিরনগর সংবাদদাতা \ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক উদ্যোগে সোশ্যাল মার্কেটিং ও ইউ এস এইড-এর সহযোগিতায় গতকাল মঙ্গলবার উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে জনপ্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক, ইমাম ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে মার্কেটিং ইনোভেশন ফর হেলথ (এম আই এইচ) প্রোগ্রাম ‘নতুন দিন’ বাস্তবায়নের লক্ষ্যে কমিউনিটি মবিলাইজেশন কার্যক্রম বিষয়ক অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
রাণীশংকৈলে ওরস মোবারক
রাণীশংকৈল সংবাদদাতা \ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভদ্রেশ্বরী-বেংপুকুর গ্রামের নকশে কদম দরবার শরীফে সমপ্রতি হজরত শাহ সুফী সৈয়দ জামালউদ্দিন (রহঃ)-এর ৭ম ওরস ও মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি চেয়ারম্যান আব্বাস আলির সভাপতিত্বে ওরস মাহফিলে প্রধান বক্তা ছিলেন মুফতি আবু সাঈদ আল জিহাদী।
মাদারীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
মাদারীপুর প্রতিনিধি \ জেলা প্রশাসনের সহযোগিতা ও সরকারি নাজিমউদ্দিন কলেজের ব্যবস্থাপনায় গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে ৩৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। সরকারি নাজিমউদ্দিন কলেজ মিলনায়তনে ৩দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নূর-উর-রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ উপাধ্যক্ষ জীবননাহার।
ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর উপজেলার ইমাদপুরে স্পিড ব্রেকার অতিক্রম করার সময় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মনোয়ারা বেগম (৩৮) নিহত হয়েছে। ফুলপুর থানা উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মনোয়ারার স্বামী আ. জলিল মোটর সাইকেলে স্ত্রী মনোয়ারাকে নিয়ে ত্রিশাল যাচ্ছিলেন।
বড়াইগ্রামে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩ তম জন্মদিন উদযাপন উপলক্ষে জয়বাংলা সামাজিক আন্দোলনের উদ্যোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় রবি ও সোমবার দুইদিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতাল এ কর্মসূচি পালনে সার্বিক সহযোগিতা করে।
সারিয়াকান্দিতে কৃষকের লাশ উদ্ধার
সারিয়াকান্দি(বগুড়া)সংবাদদাতা \ বগুড়া সারিয়াকান্দিতে সোমবার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের একটি শ্যালো মেশিনের ঘর থেকে আমজাদ হোসেন (৩৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করে পুলিশ মর্গে প্রেরণ করেছে । চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সেকেন্দার আলী জানান, মেশিন ঘরে একটি খালি বিষের বোতল পাওয়া গেছে । তবে স্থানীয়রা জানান, সোমবার আমজাদের পাওনাদারকে টাকা দেয়ার তারিখ ছিল ।
চাটখিলে আলোচনা সভা
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ সোমবার চাটখিলের দশঘরিয়া বাজারের গৌর নিতাই মন্দিরে সংখ্যা লঘু নির্যাতনের প্রতিবাদ ও সারাদেশে শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মন্দির সভাপতি বাবু বাসুদেব আচার্যের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ আহম্মদ চৌধুরী, বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এস চক্রবর্তী সমির।
জামালপুরে দলিল লেখকদের কর্মবিরতি
জামালপুর প্রতিনিধি \ জামালপুরে দলিল লেখকদের কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে। সোমবার জামালপুর জেলাসহ উপজেলায় দলিল লেখকরা অর্ধদিবস কলম বিরতি রেখে বিক্ষোভ মিছিল করে। পরে জামালপুর সদর দলিল লেখকরা জেলা প্রশাসকের কাছে ৭দফা বাস্তবায়নের দাবিতে একটি স্মারকলিপি পেশ করে।
চসিকের পরিচ্ছন্ন পরিদর্শক সাসপেন্ড
চট্টগ্রাম অফিস \ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্ন বিভাগের পরিচ্ছন্ন পরিদর্শক সুরজিত দাশকে কর্মস্থলে অনুপস্থিতি ও ঊধ্বর্তন কর্তৃপক্ষের আদেশ অমান্য করার কারণে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করে। সুরজিত দাশ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের আন্দরকিল্লা ওয়ার্ডের পরিচ্ছন্ন পরিদর্শক পদে নিয়োজিত ছিলেন।
খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
খাগড়াছড়ি প্রতিনিধি \ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে সোমবার জেলার ৬ শতাধিক ছাত্র-ছাত্রীকে নগদ ১৫ লক্ষাধিক টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তির টাকা ও সনদ প্রদান করেন। এতে স্থানীয় সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা উপস্থিত ছিলেন।
