মোহামেডানের জয়যাত্রা অব্যাহত

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২০:৫০
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড টানা দ্বিতীয় জয়ে স্বাধীনতা কাপ ফুটবলে ‘এ’ গ্রুপে সুবিধাজনক অবস্থায় থাকলো। যদিও গ্রুপে মোহামেডানের সাথে পাল্লা দিচ্ছে আরেক শক্তিশালী দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব যারা আজ দ্বিতীয় ম্যাচ খেলবে নৌবাহিনীর বিরুদ্ধে। সাদা কালো জার্সিধারীরা এ নিয়ে দুই খেলায় ৬ পয়েন্ট পেয়েছে। অপরদিকে প্রথম খেলায় সকাল ক্লাবকে ৬-৩ গোলে পরাজিত করে শেখ জামাল পেয়েছে তিন পয়েন্ট। মোহামেডান প্রথম খেলায় নৌবাহিনীর বিরুদ্ধে জিতেছিল ২-০ গোলে। ধারণা করা যায় শেখ জামালও দুর্বল নৌবাহিনী দলের বিরুদ্ধে পুরো পয়েন্ট পাবে। সেক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে আগামী সোমবার মোহামেডান ও শেখ জামালের মধ্যকার খেলাটিতেই সিদ্ধান্ত হবে। তার আগপর্যন্ত মোহামেডানই এগিয়ে থাকল। কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার বিকালে মোহামেডান ৩-১ গোলে হারায় ফেনীর সকার ক্লাবকে। মোহামেডানের হয়ে গোল করেছেন মিডফিল্ডার মারুফ আহমেদ ও ঘানার ওসে মরিসন (দুটি)। সকার ক্লাবের আকবর হোসেন রিদন এক গোল দিয়ে ব্যবধান কমান। এ জয়ে বেঁচে গেছেন মোহামেডানের ডিফেন্ডার মিন্টু শেখ। প্রথমার্ধে মোহামেডান ১-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু বিরতির পর মিন্টু শেখের ভুলের সুযোগে সকার ক্লাব সমতা আনে। ভাগ্য ভালো মিন্টু শেখের। মোহামেডান আরো দুটি গোল পেয়ে জয় নিশ্চিত করলো। সকার ক্লাবের খেলোয়াড়রা এই প্রতিযোগিতার জন্য সেভাবে ক্যাম্প করেনি। জানা গেছে, খেলোয়াড়রা নিজ নিজ বাড়ি থেকে এসে প্রথম খেলায় মাঠে নেমেছিলেন। ফেনীর এই ক্লাবটি স্বাধীনতা কাপ ফুটবলে নিজেদের প্রথম খেলায় শেখ জামালের কাছে শোচনীয়ভাবে হেরেছিল। কাল মোহামেডানের বিরুদ্ধে কিছু সময়ের লড়াকু ভূমিকায় দেখা গেলেও সকারের খেলোয়াড়রা পরে খেই হারিয়ে ফেলে। দলটির ফুটবলারদের স্ট্যামিনা নেই। বিদেশি ফুটবলারদের নিয়েও তারা যেভাবে মোহামেডানকে আটকে রাখার পরিকল্পনা করল, তা খুব বেশি সময় ধরে রাখতে পারেনি। কোচ মীর ফারুক জানালেন, অনুশীলনে না থাকাটা বড় কারণ। তবে ম্যাচ হারার পেছনে তিনি রেফারি জালালের দুর্বলতাকে দায়ি করেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘রেফারি যেভাবে বার বার হলুদকার্ড দেখিয়ে খেলাটাকে থামিয়ে দিতে চেয়েছেন তাতে মনে হলো উনি মোহামেডানকে জেতাতে চান।’ মাঠের খেলায় অবশ্য মিডফিল্ডার মারুফ আহমেদের ৩১ মিনিটের গোলে শিরোপা প্রত্যাশি মোহামেডান প্রথমে এগিয়ে যায়। ঘানাইয়ান ওসে মরিসন বলটা নামিয়ে দিলে মারুফ মাথার হালকা ছোঁয়ায় বল জালে পাঠান (১-০)। চলতি মৌসুমে এটি প্রথম গোল মারুফের। ৫৪ মিনিটে সকার ক্লাবের স্ট্রাইকার রিদন দারুণ একটি গোল করে সমতা আনেন (১-১)। এরপর ৬৬ এবং ৭৭ মিনিটে মরিসন দুই গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। মরিসনের আফসোস সুযোগ পেয়েও হ্যাটট্রিক করতে না পারায়। মারুফ বলেন, ‘আমার পায়ের বল আমি মরিসনকে দিলাম, কারণ ওই মূল স্ট্রাইকার। তারপরও হলো না।’ হ্যাটটট্রিক বঞ্চিত মরিসন বললেন, ‘নো প্রবলেম।’ সকার ক্লাব এখন নিয়ম রক্ষার ম্যাচ খেলবে নৌবাহিনীর বিরুদ্ধে। আজকের খেলা ঃ শেখ জামাল ঃ নৌবাহিনী, কমলাপুর স্টেডিয়াম (বিকাল ৩টা ১৫)।