ডিজিটাল জীবনের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২১:৪১
এখন নানা কাজের জন্য আমাদের কম্পিউটার আর ইন্টারনেটের উপর নির্ভর হওয়া ছাড়া উপায় নেই। বিভিন্ন ধরনের কাজের জন্য আবার অনলাইনে এবং অফলাইনে নানা ধরনের অ্যাড-অনস অ্যাপ্লিকেশনও রয়েছে। নানা ধরনের কাজের সুবিধার জন্য এমন কিছু অ্যাড-অনস অ্যাপ্লিকেশনের কথা তুলে ধরা হলো এই লেখায়। ভিউ vyew.com সাইটে গিয়ে আপনি নিজেই একটি অনলাইন মিটিং রুম তৈরি করে নিতে পারবেন এবং মিটিং রুমে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিদের সংযুক্ত করে নিতে পারবেন। বিনামূল্যের সংস্করণে আপনি রিয়েল টাইমে ১০ জন পর্যন্ত ব্যক্তিকে যুক্ত করতে পারবেন এই মিটিং রুমে। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর জন্য আলাদা করে কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইন্সটল করার প্রয়োজন নেই। সরাসরি ব্রাউজার থেকেই চলে এই সেবাটি। এই মিটিং রুমে আপনি ভিডিও কনফারেন্স করতে পারবেন, আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন এবং ভার্চুয়াল হোয়াইট বোার্ড ব্যবহার করে সকলে মিলে কোনো ডকুমেন্ট তৈরি বা সম্পাদনা করতে পারবেন। ভিউ সব ধরনের ডকুমেন্ট ফাইল, ইমেজ ফাইল, প্রেজেন্টেশন ফাইল, এমপিথ্রি এবং ভিডিও ফাইল সমর্থন করে থাকে। রিমাইন্ডার বাবা কর্মব্যস্ত জীবনে আমাদের প্রতিদিনই নানা ধরনের অ্যাপয়েন্টমেন্ট থাকে। এসব অ্যাপয়েন্টমেন্ট যাতে সহজে মনে রাখা যায়, তার জন্য আমরা সাধারণত বিভিন্ন ধরনের অ্যালার্ম বা রিমাইন্ডার অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি। ঠিক এই কাজটি করার জন্য রয়েছে রিমাইন্ডার বাবা। এই সার্ভিসটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এতে ইমেইল রিমাইন্ডার প্রদানে কোনো ধরনের সীমাবদ্ধতা নেই। যার অর্থ, আপনি যত খুশি ইমেইল রিমান্ডার যোগ করতে পারবেন এতে। আর এর জন্য প্রতিবারে রিমাইন্ডার বাবা ওয়েবসাইট ভিজিট করারও প্রয়োজন নেই। আপনার ইমেইল থেকে সময় উল্লেখ করে রিমাইন্ডার বাবাতে ইমেইল পাঠালেই ওই নির্দিষ্ট সময়ে আপনাকে রিমাইন্ডার পাঠিয়ে দেবে এই সার্ভিস। যেমন, আপনি হয়ত আগামীকাল সকাল দশটায় কোনো ইমেইল রিমাইন্ডার পেতে চান। সে ক্ষেত্রে তা লিখে tomorrow10am@ reminderbaba.com ঠিকানায় পাঠিয়ে দিলেই আপনি যথাসময়ে রিমাইন্ডার পেয়ে যাবেন। এটি ব্যবহার করে প্রতিদিন নির্দিষ্ট সময়ে কিংবা প্রতি সপ্তাহে বা প্রতি মাসেও রিমাইন্ডার সেট করে নিতে পারেন। রিমাইন্ডার বাবা ওয়েবসাইটের ঠিকানা http://www.reminderbaba.com। স্টার্ট মাই ডে উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য বেশিরভাগ কাজের জন্যই রয়েছে নানা ধরনের সফটওয়্যার প্রোগ্রাম। প্রতিদিনের সব ধরনের কাজের ব্যবস্থাপনার জন্য তেমনি একটি প্রোগ্রাম স্টার্ট মাই ডে। এই প্রোগ্রামটি ইন্সটল করার পরেই একে কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের মতো করে। আর তারপর আপনার নির্দেশনা অনুযায়ী এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামটি যথাসময়ে কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার চালু করতে পারবে, নির্দিষ্ট ওয়েবসাইট চালু করতে পারবে কিংবা কোনো নির্দিষ্ট গানও চালাতে পারবে। অর্থাত্, একে আপনি আপনার ডিজিটাল জীবনের সঙ্গী করে নিতে পারবেন। আপনার ঠিক করে দেওয়া সময় ও তারিখ অনুযায়ীই এটি স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের সব ধরনের কাজ করে দেবে। http://goo.gl/Zx8st ঠিকানা থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই প্রোগ্রামটি। অ্যাটাচমেন্টস.মি যারা ইমেইলে বড় বড় সব ফাইল অ্যাটাচ করে রাখেন, তাদের বরাবরই একটি সমস্যার মুখে পড়তে হয়। আর তা হলো খুব দ্রুতই ইমেইলের স্টোরেজ শেষ হয়ে যাওয়া। সে ক্ষেত্রে অনেক সময়েই বড় অ্যাটাচমেন্টযুক্ত ইমেইলগুলো খুঁজে পাওয়া যায় না। অ্যাটাচমেন্টস.মি (attachments.me) ব্যবহার করে আপনি সহজেই এসব ইমেইল খুঁজে বের করতে পারবেন এবং সেগুলোকে আপনার অনলাইন বা ক্লাউড স্টোরেজে স্থানান্তর করে নিতে পারবেন। ড্রপবক্স, গুগল ড্রাইভ, স্কাইড্রাইভসহ প্রায় সব ধরনের অনলাইন স্টোজের সাথেই এটি সংযুক্ত হয়ে যেতে পারে। এরপর এখান থেকেই আপনি সরাসরি ইমেইল বা অনলাইন স্টোরেজে ফাইল খুঁজে নিতে পারবেন।