বরিশালে ঘূর্ণিঝড় দুর্গত এলাকায় নৌবাহিনীর ত্রাণসামগ্রী বিতরণ

আপডেট : ০৫ মে ২০১৯, ২২:১৭

বরিশাল অফিস

বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ এলাকায় গতকাল রবিবার ঘূর্ণিঝড় ফনি দুর্গত এলাকায় নৌবাহিনী ত্রাণসামগ্রী বিতরণ ও চিকিত্সা সহায়তা প্রদান করেছে। বরিশালের হিজলা উপজেলায় নৌবাহিনীর জাহাজ (বানৌজা) তিস্তা এবং মেহেন্দিগঞ্জে বানৌজা মেঘনা ত্রাণ সামগ্রী প্রদান করে। সাত কেজি চাল, ডাল, তেল, ঔষধসহ ১১টি সামগ্রী দুর্গতদের মাঝে বিতরণ করা হয়। গতকাল বিকেল পর্যন্ত হিজলা ও মেহেন্দিগঞ্জে ৫শ পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান লে. কমান্ডার এম মোদাসেরুল হক। তিনি জানান, নৌ বাহিনীর জাহাজ এলসিটি ১০৪ সাতক্ষীরার নীল ডুমুরে জরুরী ত্রাণ সামগ্রী বিতরণ করে। বাংলাদেশ নৌ বাহিনী জাহাজ উপসম এর সিনিয়র  মেডিকেল অফিসার, সার্জেন্ট লেফট্যানেন্ট কমান্ডার এম তারিকুল ইসলাম চিকিত্সা প্রদান করেন। এছাড়াও গত দু’দিন বরিশাল সদর উপজেলায় পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।