চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের ২৪ পরিচালকের মধ্যে ১২ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ গ্রুপ থেকে আরো যে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। ১২টি পদের জন্য ১৪ জন প্রতিদ্বন্দ্বিতার জন্য ফরম জমা প্রদান করেছেন। আগামী ১৩ জুন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনকে সামনে রেখে গতকাল রবিবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। টাউন অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েটস, ট্রেড গ্রুপ এবং সাধারণ গ্রুপ থেকে মোট ২৪ জন পরিচালক নির্বাচিত হয়ে চট্টগ্রাম চেম্বারের পরিচালনা পর্ষদ গঠিত হয়। ওই পরিচালনা পর্ষদ থেকে চেম্বারের সভাপতি সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সহ-প্রেসিডিয়াম নির্বাচিত হয়।
নির্বাচন উপলক্ষে গতকাল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে দেখা যায়, ৪টি গ্রুপের মধ্যে ৩টি গ্রুপ থেকে সকলেই (১২ জন) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। শুধুমাত্র সাধারণ গ্রুপের ১২টি পদের বিপরীতে ১৪ জন মনোনয়ন জমা দিয়েছেন। জানা যায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১২ জনের মধ্যে বর্তমান সভাপতি মাহবুবুল আলমও রয়েছেন। চট্টগ্রাম চেম্বার দীর্ঘদিন ধরে স্থানীয় সংসদ সদস্য এমএ লতিফ সমর্থিত প্যানেল নির্বাচিত হয়ে আসছে। এমএ লতিফ এমপি উক্ত চেম্বারের প্রাক্তন সভাপতি ছিলেন। গতকাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১২ জন পরিচালক এমএ লতিফ সমর্থিত। এছাড়া সাধারণ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৪ জনের মধ্যে ১২ জন এমএ লতিফ সমর্থিত প্রার্থী বলে জানা যায়।
চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে গতকাল টাউন অ্যাসোসিয়েশনের ৩ জন পরিচালকের পদের বিপরীতে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। এই তিন জনের মধ্যে রয়েছেন—তরফদার রুহুল আমিন, আবদুল মান্নান সোহেল ও মোহাম্মদ জহুরুল আলম। অ্যাসোসিয়েট গ্রুপের ৬টি পরিচালকের পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দেন ৬ জন। এই ৬ জন পরিচালক হচ্ছেন আকতার হোসেন, মাহবুবুল আলম, ওহিদ সিরাজ চৌধুরী, সাকের আহমেদ সালাম, সৈয়দ ছগির আহমদ ও টাজমিন মোস্তফা চৌধুরী। অন্যদিকে ট্রেড গ্রুপের ৩টি পরিচালকের পদের বিপরীতে ৩ জন মনোনয়নপত্র জমা দেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই তিনজন পরিচালক হচ্ছেন— বেনজির চৌধুরী, সালাহউদ্দিন কাশেম খান এবং সৈয়দ জামাল আহমেদ।
এদিকে সাধারণ গ্রুপের ১২টি পরিচালকের পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী রয়েছেন ১৪ জন। এই ১৪ জনের মধ্যে আগামী ১৯ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার না করলে আগামী ১৩ জুন ওই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
