স্মার্ট ঘড়ি তৈরি করছে স্যামসাংও

আপডেট : ২০ মার্চ ২০১৩, ১৯:৪৬
মাঝখানের দুইটা মাসে স্মার্ট ওয়াচ বা স্মার্ট হাত ঘড়ি নিয়ে প্রযুক্তি বিশ্বের মনোযোগটা ধরে রেখেছিল অ্যাপল। প্রযুক্তি বিষয়ক কয়েকটি ওয়েবসাইট ফলাও করে প্রচার করে অ্যাপল’র স্মার্ট হাতঘড়ি তৈরির খবর। এ সংক্রান্ত অ্যাপল’র প্যাটেন্টের একটি খবরও প্রকাশিত হয়। অ্যাপল’র স্মার্ট ঘড়ির এই খবরে অনেকেই অপেক্ষায় ছিলেন, কবে স্যামসাং আবার স্মার্ট হাত ঘড়ি তৈরির ঘোষণা দেয়। তাদের ধারণা যে অমূলক নয়, তা প্রমাণ করতেই এবার খবরে প্রকাশ, সবকিছুতেই অ্যাপলকে পাল্লা দিতে চাওয়া স্যামসাংও তৈরি করতে যাচ্ছে স্মার্ট হাত ঘড়ি। দক্ষিণ কোরিয়ার সিউলে ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাত্কারে স্যামসাংয়ের মোবাইল বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট লি ইয়াং হি জানিয়েছেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই স্মার্ট হাত ঘড়ি নিয়ে কাজ করছি। আমরা সব সময়ই চেষ্টা করেছি আগামী দিনের প্রযুক্তি পণ্য তৈরি করতে। স্মার্ট ঘড়ি তারই একটি অংশ। এটি কত দ্রুত তৈরি করে মানুষের হাতে পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’ ঘড়ি তৈরি বিষয়ে স্বীকারোক্তি দিলেও এই ঘড়িতে কী ধরনের ফিচার থাকবে কিংবা এগুলোর দাম কেমন হবে, সেসব প্রসঙ্গ এড়িয়ে যান লি। এটি কবে নাগাদ বাজারে আসতে পারে, তাও জানাননি তিনি।