কুমিল্লায় বাসে তল্লাশি চালিয়ে এক নারীসহ ৪ জনকে আটকের পর তাদের পেট থেকে সাড়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রবিবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী প্রেসিডেন্ট ট্রাভেলস নামে একটি বাসে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এ অভিযান চালায়।
জেলা ডিবির ওসি নাছির উদ্দিন মৃধা জানান, রবিবার রাতে ডিবির এসআই ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় গাড়িতে তল্লাশি চালানো হয়। ভোর রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী প্রেসিডেন্ট ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী এসি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন একজন নারীসহ চারজনকে আটক করা হয়। তারা হচ্ছে- নড়াইল জেলার লোহাগড়া থানার লোহাগড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে হাসান শেখ ওরফে বাবু, তার স্ত্রী ফারজানা আক্তার, একই গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে আকাশ আহম্মেদ ও যশোরের অভয়নগর থানার মশরহাটি গ্রামের বিপুল হোসেনের ছেলে আবির আহমেদ বাঁধন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের পেটে ইয়াবা রয়েছে। এরপর কুমিল্লা নগরীর একটি ক্লিনিকে নিয়ে ৪ জনকে এক্স-রে করে পেটে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিশেষ পদ্ধতিতে তাদের পেট থেকে ১৩২টি ইয়াবার প্যাকেট বের করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০টি করে মোট ৬ হাজার ৬শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবির এসআই ইকতিয়ার উদ্দিন জানান, তারা প্যাকেটজাত ইয়াবা পেটে বহন করে কক্সবাজার থেকে নড়াইলের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে। এ ব্যাপারে জেলার দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
