সৈয়দপুরে শুঁটকি মাছে রাসায়নিকের ব্যবহার

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২১:১১
বৃহত্তর রংপুর অঞ্চলের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও নীলফামারী জেলার সৈয়দপুরে শুঁটকি আড়ত রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় সৈয়দপুর শুঁটকি আড়তগুলোতে অবাধে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হচ্ছে। রাসায়নিক দ্রব্যের মধ্যে ডিডিটি পাউডার সহজলভ্য হওয়ায় এসব আড়তে পোকা দমনে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক বিষাক্ত রাসায়নিক পাউডারের ব্যবহারই সবচেয়ে বেশি হচ্ছে। সেইসাথে শুঁটকির স্থায়িত্বকাল বৃদ্ধির জন্য বিভিন্ন তরল রাসায়নিক স্প্রে ব্যবহার করে রমরমা বাণিজ্য চালিয়ে আসছে একশ্রেণির অসাধু ব্যবসায়ী। এসব শুঁটকি খেয়ে মানুষ চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ভেজালবিরোধী অভিযানে সৈয়দপুরে বেশকিছু শুঁটকির আড়তে অভিযান চালিয়ে লাখ লাখ টাকা জরিমানা আদায়সহ শুঁটকিতে ডিডিটি পাউডার মিশ্রণের দায়ে অনেকের ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়েছিল। রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে ব্যবসায়ীরা পুনরায় শুঁটকিতে ডিডিটিসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্যের মিশ্রণ শুরু করে দিয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে এলাকার সচেতন মহল প্রশাসনের হস্তক্ষেপ ও প্রতিকারের দাবি জানান।