বিচার বিভাগীয় তদন্ত দাবি, পুড়িয়ে হত্যার অভিযোগ

আপডেট : ০৫ মে ২০১৯, ২২:৫১

পঞ্চগড়ে কারা হেফাজতে আইনজীবী পলাশ কুমার রায়কে (৩৬) পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পলাশের মা জেলার আটোয়ারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মীরা রানি এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন এই অভিযোগ করেছেন। ব্যারিস্টার খোকন এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে কারা কর্তৃপক্ষের কোনো যোগসাজশ আছে কি না তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী পলাশ জেলার আটোয়ারি উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড়সিংগিয়া গ্রামের প্রণব কুমার রায়ের ছেলে। জানা গেছে, একটি প্রতিষ্ঠান পলাশের বিরুদ্ধে মামলা করেছিল। সেই মামলা প্রত্যাহারের দাবিতে গত ২৫ মার্চ দুপুরে মানববন্ধন করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পলাশ কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। রাজীব রানা নামে এক তরুণ তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। তাকে আটক করে ২৬ মার্চ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ২৬ এপ্রিল কারা হাসপাতালের বাথরুমে অগ্নিকাণ্ডের শিকার হন তিনি। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গত ৩০ এপ্রিল দুপুরে চিকিত্সাধীন অবস্থায় পলাশ মারা যান।

পলাশের মা মীরা রানি ছেলে হত্যার সুষ্ঠু বিচার দাবি করে ইত্তেফাককে জানান, পলাশ পান বিড়ি সিগারেট কোনো কিছুই খায় না। সে নিজে শরীরে আগুন দিতে পারে না। কারাগারের লোকজন অথবা কয়েদিদের দিয়ে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তিনি আরো জানান, মৃত্যুর আগে পলাশ তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তার কাছে অভিযোগ করে গেছে। এটা মোবাইলে রেকর্ড করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে পঞ্চগড় জেলা কারাগারের কারাধ্যক্ষ মুশফিকুর রহমান জানান, কারা হাসপাতালের বাইরের বাথরুমে পলাশ নিজেই গ্যাস লাইটার দিয়ে নিজের শরীর ও কাপড়ে আগুন লাগান। আমাদের এতে কোনো স্বার্থ জড়িত নেই যে তাকে এমন পরিস্থিতিতে ঠেলে দিব।