বেলকুচিতে পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতার নামে মামলা

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২১:২১
চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য আইনে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দিন খান বেলকুচি ডিগ্রী কলেজের ভিপি মিঠু বিশ্বাস ও টুকু বিশ্বাসসহ ৫১ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বেলকুচি উপজেলার মুকন্দগাঁতী গ্রামের আলহাজ্ব আব্দুল মান্নানের পুত্র এস এম খালিদ বাদি হয়ে সিরাজগঞ্জের আমলি আদালতে এই মামলা দায়ের করেন। ৩ মার্চ হরতাল চলাকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হকের নেতৃত্বে বাদিকে হত্যা করে লাশ গুম করে বাড়ির মালামাল লুট করার হুকুম দেয়। তার বাড়িতে হামলা করে ভাংচুর, লুটপাট করে গান পাউডার দিয়ে ঘরের বিভিন্ন জায়গায় ছিটিয়ে দেয়। এরপর দিয়াশলাই ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরে রক্ষিত প্রায় ৫ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়। মামলার শুনানী শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানা তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।