মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৫ মে ২০১৯, ২২:৫৪

মীরাজুল ইসলাম

সামরিক স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মীরাজুল ইসলাম আব্বাসীর ১০ম মৃত্যুবার্ষিকী আজ ৬ মে।  আশির দশকে গড়ে ওঠা সামরিক-স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বাংলাদেশ ছাত্রলীগ (আজিজ-মীরাজ)-এর সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে বাংলাদেশ ছাত্রকেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি মীরাজুল ইসলাম আব্বাসী দীর্ঘদিন যাবত্ দুরারোগ্য  জটিল কিডনি রোগে  আক্রান্ত হয়ে এই দিনে মৃত্যুবরণ করেন। মিরাজ ১৯৫৭ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের কোণ্ডা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শোল্লা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, ঢাকার কবি নজরুল ইসলাম সরকারি মহাবিদ্যালয় হতে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে সম্মান ও এমকম ডিগ্রি লাভ করেন। তার মৃত্যু দিবস উপলক্ষে আগামী ২৪ মে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনির মিলনায়তনে সোনার বাংলা পার্টি এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।