দেশপ্রেমিক, ধর্মনিরপেক্ষ ও গণতন্ত্রের আপোষহীন যোদ্ধা হারালো বাংলাদেশ

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২২:২৬
বাংলাদেশ একজন দেশপ্রেমিক, ধর্মনিরপেক্ষ ও গণতন্ত্রের আপোষহীন যোদ্ধাকে হারিয়েছে। আর আমরা হারালাম একজন ভাল বন্ধুকে। তিনি ছিলেন সত্, দক্ষ সংগঠক এবং আদর্শবাদী মানুষ। মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রসঙ্গে কথাগুলো বলছিলেন কলকাতার জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকার সাংবাদিক ও মুক্তিযুদ্ধে অবদান রাখা সুখ রঞ্জন দাস গুপ্ত। জিল্লুর রহমানের মৃত্যুর পর ইত্তেফাককে টেলিফোনে দেয়া তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় গতকাল বুধবার এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আনন্দবাজার পত্রিকার সাংবাদিক কর্মচারীদের একদিনের বেতনে মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রথম একাউন্ট (ব্যাংক হিসাব) খোলা হয়েছিল। কথাটি জানিয়েছিলেন মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান। দীর্ঘ ৪১ বছরে এ কথাটি স্মরণে রেখেছিলেন তিনি। সুখ রঞ্জন গত বছরের ১৫ ডিসেম্বর ৪১ বছর পর ঢাকায় এসেছিলেন সরকারের পক্ষ থেকে দেয়া সম্মাননা নিতে। তিনি দেখা করেছিলেন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে। সুখ রঞ্জন বললেন, দেখামাত্রই রাষ্ট্রপতি একরাশ অভিমান ও অভিযোগের সুরেই তাকে বলেন, ‘তুমি ভেবেছ তোমাকে ভুলে গেছি-সেজন্য অন্যত্র উঠেছ। এরপর ঢাকায় আসলে বঙ্গভবনে উঠবে। অন্য কোথাও উঠবে না।’ সুখ রঞ্জন জানান, জিল্লুর রহমানের পরিবারের কাছে তিনি ‘রঞ্জন’ নামে পরিচিত। মরহুম আইভি রহমান তাকে এ নামেই ডাকতেন। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের নয় মাস প্রায়ই তার সঙ্গে দেখা হতো। সেসব দিনের কথা-বার্তা আলোচনা দীর্ঘ ৪১ বছর পর ঢাকায় বসে রাষ্ট্রপতির সঙ্গে স্মৃতিচারণ করেছিলেন তিনি। তিনি বলেন, ‘এবার এসে একদিন অন্তত বঙ্গভবনে থাকতে হবে-সে ইচ্ছা আমিও ব্যক্ত করেছিলাম। কিন্তু সে আশা পূরণ হলো না।’