যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালানোর হুমকি উত্তর কোরিয়ার

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২০:৫২
জাপানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ মহড়ায় যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র বহনকারী বোমারু বিমান ব্যবহার করাকে ‘ক্ষমার অযোগ্য উস্কানি’ বলে উল্লেখ করেছে দেশটি। এ ঘটনার নিন্দা জানানোর একদিন পর গতকাল বৃহস্পতিবার পিয়ংইয়ং দেশটিকে এ সতর্কবার্তা পাঠালো। সংবাদ সংস্থা কেসিএনএ একথা জানিয়েছে। পিয়ংইয়ং হুমকি দিয়েছে, যদি তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখে তবে সামরিক হামলা চালানো হবে। ‘‘যুক্তরাষ্ট্রের ভুলে যাওয়া উচিত নয় যে, গুয়ামে যেখান থেকে বি-৫২ বোমারু বিমান উড্ডয়ন করা হয়েছে সেই এন্ডারসন বিমান ঘাঁটিতে আক্রমণ করার মত অস্ত্রশস্ত্র আমাদের আছে। এমনকি জাপানের মূল ভূখন্ডে স্থাপিত পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন এবং ওকিনাওয়ার নৌ ঘাঁটিতেও আমরা হামলা চালাতে সক্ষম।” উত্তর কোরিয়ার এক সামরিক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা কেসিএনএ একথা জানায়। পেন্টাগন বলেছে, বার্ষিক যৌথ মহড়ার অংশ হিসাবে বোমারু বিমানটি এন্ডারসন বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে দক্ষিণ কোরিয়ার উপর দিয়ে উড়ে যায়। তবে পিয়ংইয়ং এ অনুশীলনকে উস্কানিমূলক বলে আখ্যা দিচ্ছে। এদিকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ সেনা নেতৃত্বের এক মুখপাত্র জানিয়েছেন, আমাদেরকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের এমন পরমাণু বিধ্বংসী প্রশিক্ষণ পিয়ংইয়ং সহ্য করবে না বলে তাদের প্রতি কঠোর সতর্কবার্তা দিচ্ছি আমরা। গত মাসে উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালালে দ্বিতীয় কোরীয় যুদ্ধ হবার হুমকি দিয়ে জাতিসংঘ অবরোধ আরোপ করে। এর ফলে গত কয়েক বছরের মধ্যে কোরীয় উপদ্বীপে উত্তেজনা এবারই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।