জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বোঝানোর চেষ্টা করছেন, যে কোন পরিস্থিতিতে সিরিয়ার কোন পক্ষেরই রাসায়নিক অস্ত্র ব্যবহার করা ঠিক হবে না। তা হবে জঘন্যতম অপরাধ। মঙ্গলবার জাতিসংঘ এ কথা জানায়। সিরিয়া সংঘাতের দুই বছরের মধ্যে এ প্রথমবারের মতো সিরিয়ার সরকার ও বিদ্রোহী পক্ষ মঙ্গলবার পরস্পরের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উত্থাপনের পর বান কি-মুন এ মন্তব্য করলেন।
এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, বান ও রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থার মহাপরিচালক আহমেট উজুমিউ সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ মহাসচিব ও রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার মহাপরিচালক বিষয়টি নিবিড় পর্যবেক্ষণে রাখার প্রতিশ্রুতি দেন। জাতিসংঘ মুখপাত্র মার্টিন নেসার্কি জানান, সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হচ্ছে—এমন খবরের বিষয়ে জাতিসংঘ অবহিত রয়েছে। তবে রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি সম্পর্কে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।
