মেসির নামে জাদুঘর!

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২১:৩৫
কিংবদন্তী আর্জেন্টাইন ফুটবলার লিয়নেল মেসির কীর্তির প্রতি সম্মান জানিয়ে তার ঘরের শহর আর্জেন্টিনার রোসারিওতে একটি জাদুঘর নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রোসারিও শহরের মেয়র মোনিকা ফেইন বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, এটা মূলত একটি ক্রীড়া জাদুঘর হবে যেখানে মূল চরিত্রে থাকবেন মেসি। এছাড়া রোসারিওতে জন্মগ্রহণকারী অন্য তারকাদেরও এখানে সম্মান জানানো হবে। এদের মধ্যে যেমন রয়েছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া। এদিকে সান্তে ফি প্রদেশের সাবেক গভর্নর আশাবাদ ব্যক্ত করে বলেছেন আগামী দুই বছরের মধ্যে মেসি জাদুঘরের নির্মাণ কাজ শেষ হবে। তার সূত্র ধরে জানা গেছে, স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই রোসারিও শহরের কাছে ৩২ হেক্টর জমি অধিগ্রহণ করেছে যেখানে জাদুঘরের পাশাপাশি দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় আরো কয়েকটি স্থাপনা গড়ে তোলা হবে।