কালীগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

আপডেট : ০৫ মে ২০১৯, ২৩:০৩

গাজীপুরের কালীগঞ্জে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকের বিরুদ্ধে এবার যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন ইউএনও। লক্ষ্মীপুরের রায়পুরে বাসায় আটকে রেখে তরুণী ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার এবং কুমিল্লার হোমনায় মাদ্রাসাছাত্রী ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এদিকে সিরাজগঞ্জের কামারখন্দে কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। এ বিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

কালীগঞ্জ (গাজীপুর): কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মো. আব্দুল আহেদের বিরুদ্ধে এবার যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। জানা গেছে, ২০১৮ সালে সহকারী প্রধানশিক্ষক মো. আব্দুল আহেদের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকের দায়িত্ব পাওয়ার পর থেকেই বিদ্যালয়ে নানা অনিয়ম ও অব্যস্থাপনার অভিযোগ ওঠে। এরই ধারাবাহিকতায় ওই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ছাত্রীদেরকে নানাভাবে যৌন নিপীড়ন করে আসছিলেন। গত বৃহস্পতিবার ছাত্রীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়।

রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুরে এক তরুণীকে বাসায় আটকিয়ে ধর্ষণের অভিযোগে সোহাগ হোসেন নামের একজনকে রবিবার গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামি সোহাগ চরআবাবিল এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তরুণীর স্বজনরা জানায়, ২৯ এপ্রিল মোবাইল ফোনে কৌশলে ওই তরুণীকে ডেকে নিয়ে উপজেলার একটি বাসায় আটকে ধর্ষণ করে পালিয়ে যায় সোহাগ। তরুণী বিষয়টি তার পরিবারকে জানানোর পর শনিবার রাতে মামলাটি দায়ের করা হয়।

হোমনা (কুমিল্লা): এবার হোমনায় ধর্ষিত হলো নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী। জমিতে কাজ করা কৃষক বাবাকে ভাত খাইয়ে বাড়ি ফেরার পথে চিহ্নিত সন্ত্রাসী সুমন সরকার (২৯) দিন-দুপুরে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষক সুমন এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও কয়েক মামলার আসামি। গত শুক্রবার উপজেলার মাথাভাঙা ইউনিয়নের ভংগারচর গ্রামে ন্যক্কারজনক এ ঘটনা ঘটে। শনিবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে হোমনা থানায় ধর্ষক সুমনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন।

কেরানীগঞ্জ (ঢাকা): দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর পশ্চিম ইমামবাড়ি এলাকায় রবিবার ভাড়াটিয়া প্রতিবন্ধী গৃহবধূকে চাপাতির ভয় দেখিয়ে প্রতিবেশী আসিফ ধর্ষণ করে বলে জানা গেছে। গৃহবধূর স্বামীর অভিযোগ সকালে সে কাজের জন্য বাইরে গেলে তার স্ত্রী ধর্ষণের শিকার হয়। পুলিশকে না জানাতে ধর্ষক আসিফ ও তার লোকজন তাকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান বলেন, ঘটনাটি আমরা শুনেছি। ভিকটিমের জবানবন্দি নিয়ে আইনি ব্যবস্থা নিবো।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দ্বিতীয় আদালতে মামলাটি দায়ের করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের মাস্টার্স প্রথম বর্ষের এক ছাত্রী। মামলার শুনানি শেষে বিচারক আব্দুল্লাহ আল মামুন মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।

কালিয়াকৈরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার

অভিযোগে একজন গ্রেফতার

এদিকে কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা জানান, উপজেলার মৌচাক ইউনিয়নের রতনপুর বামনবাগ এলাকায় ৭ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ভোরে কালিয়াকৈর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। জানা যায়, কালিয়াকৈর উপজেলার রতনপুর বামনবাগ এলাকার ৭ বছরের প্রতিবন্ধী মেয়েকে গত বৃহস্পতিবার দোকান থেকে চিপস কিনে বাড়ি ফেরার পথে একই এলাকার আবুল কালাম তার গতিরোধ করে টাকার প্রলোভনে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে আবুল কালাম পালিয়ে যায়। এ ঘটনায় গত শুক্রবার রাতে প্রতিবন্ধীর মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।