ভ্রমণ ভিসায় সংযুক্ত আরব আমিরাতে যাওয়া একজন এশিয়ান প্রবাসী ভিক্ষুক মাসে আয় করেন ২৩ লাখ টাকা! সম্প্রতি দুবাইয়ের আল কুওজা এলাকা থেকে ওই কোটিপতি ভিক্ষুককে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুবাই পুলিশের ভিক্ষাবৃত্তিবিরোধী অভিযানের সময় ওই ভিক্ষুককে গ্রেফতারের পর তার আয়ের খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে।
পুলিশের ভারপ্রাপ্ত পরিচালক ব্রিগেডিয়ার আবদুল্লাহ আল হাশিমি স্থানীয় দৈনিক খালিজ টাইমসকে বলেন, গ্রেফতার হওয়া ওই ভিক্ষুকসহ বেশিরভাগ ভিক্ষুক ভ্রমণ ভিসায় এসেছেন। তাদের অনেকে এসেছেন ট্যুরিস্ট কোম্পানিগুলোর মাধ্যমে।
তিনি গ্রেফতার হওয়া ওই ভিক্ষুক সম্পর্কে বলেন, ‘আমরা তাকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, ভিক্ষা করে তিনি প্রতি মাসে ১ লাখ দিরহামের (বাংলাদেশি টাকায় প্রায় ২৩ লাখ) বেশি আয় করেন।’ হাশিমি আরো বলেন, ‘কোনো ট্যুরিস্ট কোম্পানির মাধ্যমে ওই ভিক্ষুকরা এদেশে এসে থাকলে সংশ্লিষ্ট কোম্পানিকে ২ হাজার দিরহাম জরিমানা করে তাদেরকে কালো তালিকাভুক্ত করা হবে।’
সম্প্রতি শুরু হওয়া ভিক্ষাবৃত্তিবিরোধী অভিযান সম্পর্কে ব্রিগেডিয়ার হাশিমি বলেন, ভিক্ষুকদের গ্রেফতার ও পবিত্র রমজান মাসে কাউকে ভিক্ষা করতে না দেওয়ার লক্ষ্যে এ অভিযান শুরু হয়েছে।
