গাজীপুর সদর সার্কেলের এএসপি ও জয়দেবপুর থানার দুই এসআইয়ের বিরুদ্ধে ঝুটের ট্রাক আটকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগে দুই এসআইকে প্রত্যাহার করা হয়েছে। এরা হচ্ছেন- জয়দেবপুর থানার এসআই কামরুল ইসলাম ও মহব্বত কবির। গাজীপুরের পুলিশ সুপার মো. আবদুল বাতেন জানান, ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীত কুমার রায়কে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগে জানা যায়, গাজীপুরের শ্রীপুর এলাকার একটি কারখানা থেকে ঝুট ভর্তি তিনটি ট্রাক টঙ্গি ও কালীগঞ্জ যাওয়ার জন্য বুধবার ভোরে গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকা অতিক্রম করছিল। এ সময় সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ডা. কানিজ জাহান হোসেনের নির্দেশে জয়দেবপুর থানার এসআই কামরুল হাসান ও মহব্বত কবির ট্রাক তিনটি আটক করেন। পরে ট্রাকগুলো তারা ভোগড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। সেখানে ঝুট ব্যবসায়ী সিদ্দিকুর রহমানকে মামলায় জড়ানোর ভয়ভীতি দেখিয়ে ৬ লাখ টাকার বিনিময়ে ট্রাক তিনটি ছেড়ে দেয়। পরে ওই ব্যবসায়ী বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করলে দুই এসআইকে প্রত্যাহার করে কালীগঞ্জ থানায় বদলি করা হয়। এ ব্যাপারে এএসপি ডা. কানিজ জাহান হোসেন জানান, হরতালে ডিউটি করে অসুস্থ হয়ে মঙ্গলবার থেকে ছুটি নিয়ে তিনি বাসায় অবস্থান করছেন। ঝুট ভর্তি ট্রাকে চাঁদাবাজির কথা তার জানা নেই।
