গাইবান্ধার গোবিন্দগঞ্জ পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোরে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যাওয়ার সময় ২ ধর্ষককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো: উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের শরীফউদ্দীনের পুত্র শাহজালাল ও কাটাবাড়ী ইউনিয়নের হাউসীপাড়া গ্রামের গিয়াসউদ্দীনের পুত্র সবুজ মিয়া। পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য গাইবান্ধায় হাসপাতালে প্রেরণ করেছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জের প্রতারক চক্র জীনের বাদশার সক্রিয় সদস্য শাহজালাল ও তার সহযোগী সবুজ মিয়া সোনা ও গুপ্তধন পাইয়ে দেয়ার কথা বলে নরসিংদীর শিবপুর উপজেলার গোপন্দি গ্রামের আব্দুল হেকিম মিয়ার পুত্র দুলালকে মোবাইলের মাধ্যমে বুধবার রাতে বগুড়া শহরে ডেকে নিয়ে আসে। আসার সময় প্রতারকদের কথামতো দুলাল তার চতুর্থ শ্রেণীতে পড়ুয়া কন্যাকে সাথে নিয়ে আসে। এরপর প্রতারকদ্বয় দুলাল মিয়ার কাছ থেকে মাজারে শিন্নি দেয়ার কথা বলে নগদ ৩৩ হাজার টাকা হাতিয়ে নেয় এবং ধনসম্পদ পাইয়ে দেয়ার কথা বলে দুলালের কন্যাকে সংগে করে গোবিন্দগঞ্জে নিয়ে আসে। এরপর গোবিন্দগঞ্জের অদূরে দিনাজপুর সড়কের পাশে সাহেবগঞ্জ ইক্ষু খামারের একটি জমিতে নিয়ে রাতভর মেয়েটিকে ধর্ষণ করে। এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে।
