রাজধানীর বাংলামোটরে সেনা কর্মকর্তার চালককে মারধরের অভিযোগে গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, তানভীরকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনে নামবে শিক্ষার্থীরা। এসময় ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সাদ্দাম হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ছিল সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে তানভীরকে মুক্ত করা। কিন্তু প্রশাসন সে দায়িত্ব পালন করেনি। আখতার হোসেন বলেন, এত তুচ্ছ ঘটনায় তানভীরকে আটক করার প্রশ্নই আসে না। শিক্ষার্থীরা বলেন, ঢাবি প্রশাসন শিক্ষার্থীদের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এসময় শিক্ষার্থীরা তানভীরের বিসিএস পরীক্ষা দিতে না পারায় প্রশাসনকে দোষারোপ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সমালোচনা করে তারা বলেন, তুচ্ছ ঘটনায়ও দেখা যায় প্রক্টরিয়াল টিম ছুটে যান। কিন্তু তানভীরের ঘটনায় তাদের কোনো তত্পরতা চোখে পড়েনি। এমনকি প্রক্টর নিজেও সেখানে গিয়ে কোনো উদ্যোগ নেননি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চালককে মারধরের অভিযোগে আটক হন তানভীর আহমেদ। একপর্যায়ে তাকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তানভীর ঢাবির ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত এবং শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র।
