রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপির শারীরিক অবস্থা উন্নতির দিকে। কথা বলতে পারছেন। রক্তচাপ ও পালস ঠিক আছে। তবে ডায়াবেটিস উঠানামা করছে। গতকাল তার ব্লাড সুগার সকালে ৪, দুপুরে ১৪ এবং বিকালে ৮ ছিল। এছাড়া তোফায়েল আহমেদের রক্তে সংক্রমণ ধরা পড়ায় অ্যান্টিবায়োটিকের কোর্স শুরু হয়েছে। হাসপাতালে থেকেই এই কোর্স সম্পন্ন করতে হবে। তাই এক সপ্তাহ তাকে হাসপাতালে থাকতে হবে বলে চিকিত্সকরা জানিয়েছেন।
বর্তমানে তোফায়েল আহমেদ স্কয়ার হাসপাতালের ১০২৪ নম্বর কেবিনে ভর্তি আছেন। বুকের নিচের দিকে ব্যথা অনুভব ও কাঁপুনি জ্বর নিয়ে গত বৃহস্পতিবার তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের কার্ডিওলোজি বিভাগের চিফ কনসালট্যান্ট ডা. মো. তৌহিদুজ্জামানের অধীনে চিকিত্সাধীন। তার চিকিত্সায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ডা. মো. তৌহিদুজ্জামান গতকাল ইত্তেফাককে জানান, তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা এখন ভালো। তবে অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে হাসপাতালে থাকতে হবে।
এদিকে অসুস্থতার খবর শুনে তোফায়েল আহমেদকে দেখতে স্কয়ার হাসপাতালে ভিড় করছেন আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের নেতা-কর্মীরা। গতকাল তাকে দেখতে হাসপাতালে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামছুন্নাহার চাপা। তারা তোফায়েল আহমেদের শয্যাপাশে কিছু সময় কাটান এবং চিকিত্সার খোঁজ-খবর নেন। নেতৃবৃন্দ তোফায়েল আহমেদের দ্রুত আরোগ্য কামনা করেন।
