নির্বাচিত এমপিকে সংসদে যোগ দেওয়া উচিত -----------ডাচ রাষ্ট্রদূত

আপডেট : ০৬ মে ২০১৯, ০০:৪০

বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারভেজ বলেছেন, কেউ সংসদে নির্বাচিত হলে, যে দলেরই হোক না কেন তার আসনটি গ্রহণ করা উচিত। গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, একইসঙ্গে চলতে হয়।

ডাচ রাষ্ট্রদূত গতকাল রবিবার সকালে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন। গণমাধ্যমে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাব রাজধানীর বিআইআইএসএস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। ডিকাব সভাপতি রাহীদ এজাজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।

ডাচ রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ও ইউরোপ বিশেষ করে নেদারল্যান্ডসের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক কিভাবে আরো ঘনিষ্ঠ ও নিবিড় করা যায়, সে ব্যাপারে ব্যাপক আলোচনা চলছে। বাংলাদেশ ও ডাচ ব্যবসায়ীদের মধ্যে সংযোগ তৈরি হচ্ছে। এক্ষেত্রে সম্ভাবনা খুবই ভালো। এখন প্রয়োজন বাংলাদেশকে বহির্বিশ্বে সঠিকভাবে উপস্থাপন (ব্রান্ডিং) করা। বাংলাদেশের অর্থনৈতিক চাঞ্চল্য, বৈচিত্র্য, উত্পাদনশীলতা, প্রবৃদ্ধি ও জনগণের আতিথেয়তা বড় সম্পদ। এখন প্রয়োজন স্পষ্ট বার্তা দিয়ে বাংলাদেশকে তুলে ধরা।

রাষ্ট্রদূত তৈরি পোশাক খাত প্রসঙ্গে বলেন, রানা প্লাজা ট্র্যাজেডির পর বাংলাদেশ এখাতে চমত্কার কাজ করেছে। এর ফলে গার্মেন্টস শিল্পের নিরাপত্তায় তাত্পর্যপূর্ণ উন্নতি হয়েছে।