বিমানে শিডিউল বিপর্যয়

আপডেট : ০৬ মে ২০১৯, ০০:৪১

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। গতকাল রবিবার জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সের বিভিন্ন রুটে ৯টি ফ্লাইট বিলম্বিত হয়। এর মধ্যে ঢাকা থেকে মাস্কাট ফ্লাইট যাওয়ার কথা ছিল রাত ৮টায়। যাত্রীরা যথারীতি এয়ারপোর্টে উপস্থিত হন। তখন যাত্রীদের জানানো হয় ফ্লাইট ৯ ঘণ্টা বিলম্বে ছাড়বে। ঢাকা থেকে আবুধাবি ফ্লাইট ৭ ঘণ্টা বিলম্বে ছাড়ে। ঢাকা-কলকাতা রুটের ফ্লাইট ছাড়ার সময় ছিল সন্ধ্যা ৭টা ২০ মিনিট। এ ফ্লাইটও প্রায় ৪ ঘণ্টা বিলম্বে ছাড়া হয়। গত কয়েকটি দিন ধরে বিমানের ফ্লাইটের এই শিডিউল বিপর্যয় চলছে।

গতকাল বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে আগত যাত্রীদের কারো গন্তব্য ছিল কলকাতা, দোহা, দুবাই, আবুধাবি, মাস্কাট, সিঙ্গাপুর, রিয়াদ, ব্যাংকক, জেদ্দা, দাম্মাম, গুয়াংঝু অথবা কুয়ালামপুর। আবার অনেকেই যাচ্ছেন নর্থ আমেরিকা, ইউরোপ অথবা দুরপ্রাচ্যের কোনো দেশে। অধিকাংশ এয়ারলাইন্সের ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চললেও ব্যতিক্রম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পূর্ব ঘোষণা ছাড়াই এভাবে ফ্লাইট বিলম্বিত হওয়ায় যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।

বিমানের একটি বোয়িং ৭৮৭-৮০০ এবং একটি বোয়িং ৭৩৭-৮০০ এই দুটি উড়োজাহাজ বর্তমানে গ্রাউন্ডেড হয়ে হ্যাঙ্গারে পড়ে আছে। ফলে উড়োজাহাজ সংকটের কারণে এই শিডিউল বিপর্যয়ের সৃষ্টি হয়েছে বলে বিমানের একটি দায়িত্বশীল সূত্র জানায়।