প্রফেসর অধীর চন্দ্র সরকার
অধ্যক্ষ
বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ
মেধার বিকাশ ঘটে চর্চার মাধ্যমে। মেধা যাচাই এর অন্যতম মাধ্যম পরীক্ষা। একজন ছাত্রছাত্রী হিসেবে বোর্ডপরীক্ষায় ভালো রেজাল্ট অর্জনের জন্য কিছু বিষয়ের প্রতি লক্ষ রাখা প্রয়োজন। আধুনিকায়নের ফলে সবকিছুতে পরিবর্তন আসছে। এই সুষম পরিবর্তনকে মেনে নিয়ে নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার সৃজনশীল পদ্ধতিটাই হচ্ছে চিন্তা কর এবং পরিকল্পনার মাধ্যমে তা ফুটিয়ে তোল। ক্লাশ ফাঁকি দিয়ে প্রাইভেট,কোচিং বা নোট-গাইড কিনে দিনরাত মুখস্ত করে এখন আর ভালো ফলাফল আশা করা যায় না। অর্থাত্ সবচেয়ে ভালো রেজাল্ট তারাই করবে; যারা নিয়মিত ক্লাশে উপস্থিত ছিলে এবং শ্রেণি শিক্ষকের পরামর্শ মতো নিয়মিত পড়াশুনা করেছ।
পরীক্ষায় প্রত্যাশা মতো ফলাফল পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর প্রাসঙ্গিক হতে হবে এবং এক্ষেত্রে পরিচ্ছন্ন হাতের লেখা খুবই প্রয়োজন। সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নগুলোর উত্তর সঠিক ভাবে দিতে হলে পরীক্ষার্থীকে অবশ্যই পাঠ্য বইটি খুব ভালো করে পড়তে হবে। বেশি নম্বর পাওয়া বা ভালো ফলাফলের জন্য পাঠ্যবইয়ের সাথে সঙ্গতি রেখে সঠিক ও নির্ভুল উত্তর করতে হবে।
সৃজনশীল (বর্ণনামূলক) প্রশ্নের উত্তরের ক্ষেত্রে কোন চিত্র চাইলে তা পাঠ্য বইয়ের আলোকেই চাওয়া হবে। তাই পাঠ্য বইয়ের উল্লেখিত গুরুত্বপূর্ণ চিত্রগুলো বারবার চর্চা করতে হবে। উদ্দীপক বা দৃশ্যকল্পের মধ্যে পাঠ্য বইয়ের কোন অংশের উল্লেখ করা হয়েছে তা যথাযথভাবে বের করতে হবে। পরীক্ষায় ভালো ফলাফল করার পূর্বশর্ত হল আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস তৈরি হয় বার বার চর্চার মাধ্যমে। মানসম্মত উপস্থাপনা, পরিষ্কার হাতের লেখা, উত্তরের প্রাসঙ্গিকতা খাতায় ভাল নম্বর নিয়ে আসতে সাহায্য করে।
