শ্রীলঙ্কা থেকে ২শ’ ইসলামি চিন্তাবিদসহ ৬শ’ বিদেশি বহিষ্কার

আপডেট : ০৬ মে ২০১৯, ০০:৪২

শ্রীলঙ্কা সরকার দুইশ’ ইসলামি চিন্তাবিদসহ ৬শ’ বিদেশি বহিষ্কার করেছে। তাদের সবাইকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী ভাজিরা আবেওয়ারদেনা গতকাল রবিবার জানিয়েছেন। এদিকে দেশটিতে জনগনের কাছে থাকা ছুরি ও তলোয়ার থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর স্ট্রেইট টাইমস ও বিবিসি’র

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বহিষ্কৃতরা সবাই বৈধভাবেই এসেছিলেন। তাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। জরিমানা আরোপ করে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। মূলত ইস্টার সানডে হামলার পর নিরাপত্তার স্বার্থে তাদের বহিষ্কার করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান। তবে বর্তমান পরিস্থিতিতে ধর্মীয় নেতাদের জন্য নীতি কড়াকড়ি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। কোন দেশের নাগরিক সেই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কিছু জানাননি। যদিও পুলিশ সূত্রে জানা গেছে, এদের অনেকে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ এবং পাকিস্তানের নাগরিক। ধর্মীয় নেতারা স্থানীয়দের ফের মৌলবাদের শিক্ষা দিতে পারেন বলে আশঙ্কা করছে শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী।

তলোয়ার ছুরি জমা দেওয়ার নির্দেশ

জনগনের কাছে থাকা তলোয়ার ও ছুরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। এদিকে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা জানিয়েছেন, আটটি দেশের গোয়েন্দা সংস্থা হামলার তদন্তে সহায়তা করছে। আইএসের দায়িত্ব স্বীকারকে তিনি বিশ্বাস করেন বলেও জানান। পুলিশ জানিয়েছে, দৈনন্দিন কাজে ব্যবহারের জন্যে বৈধ যেসব ছুরি আছে সেগুলো নির্দেশের আওতায় পড়বে না। পুলিশের মুখপাত্র রোয়ান গুনাসেকারা বলেছেন, লোকজনের কাছে যদি সামরিক বাহিনীর ইউনিফর্মের মতো দেখতে জামা-কাপড় থাকে সেগুলোও স্থানীয় থানায় জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।