রাশিয়ার একটি বিমানে আগুন লেগে ১৩ জন নিহত হয়েছেন। যাত্রার কিছুক্ষণের মধ্যেই আগুন লাগায় জরুরি অবতরণ করে রাশিয়ার ওই বিমান। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, মস্কোর শেরেমিয়েতোবো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ কক্ষে বিপদ সংকেত পাঠান পাইলট। প্রথমবার জরুরি অবতরণের চেষ্টা করে ব্যর্থ হন পাইলট। পরে মস্কো বিমানবন্দরে অবতরণে বাধ্য হয় সুখোই সুপারজেট-১০০ বিমানটি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এরোফ্লোট এয়ার লাইনের জ্বলন্ত বিমানটি থেকে জরুরি নির্গমণ পথ ব্যবহার করে আরোহীরা বের হয়ে আসছেন। বিমানের পেছনের অংশে আগুন জ্বলতে দেখা যায়। বিমানটিতে ৭৮ জন আরোহী ছিলেন। এর মধ্যে অন্তত ১৩ জনের মৃত্যুর খবর জানা গেছে। বিমানটি স্থানীয় সময় গতকাল বিকাল সাড়ে ৫ টায় মস্কো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর মুরমানস্কে যাওয়ার কথা ছিল। অগ্নিকাণ্ড ও জরুরি অবতরণের কারণ জানা যায়নি। -ডেইলি মেইল
