শততম ম্যাচে র্যামোসের গোল

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ২১:৪১
স্পেনের ডিফেন্ডার সার্জিও র্যামোস নিজের শততম আন্তর্জাতিক ম্যাচে গোল পেলেও হতাশা নিয়েই মাঠ ছাড়তে বাধ্য হন। গত শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপীয় অঞ্চলের খেলায় আই গ্রুপে স্পেন ও ফিনল্যান্ডের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। স্বাগতিক স্পেন অনেকগুলো সুযোগ পেয়েও সেসব কাজে লাগাতে না পারায় হতাশ কোচ ভিসেন্তে ডেল বস্ক। রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় র্যামোস ম্যাচের ৪৯ মিনিটে গোল করেছিলেন। কিন্তু সফরকারী ফিনল্যান্ড গোলটি শোধ করে দেয় ৭৯ মিনিটে টিমু পুকির নৈপুণ্যে। ডেল বস্ক খেলা শেষে বলেন, ‘গোলমুখে আমরা আরো সফল হতে পারতাম। কিন্তু আমাদের দ্বিতীয় গোল করার সামর্থ্যে ভাটা পড়ে এবং ফিনল্যান্ড কঠিনভাবে রক্ষণাত্নক হয়ে পড়লে অচিন্তনীয় ফল হয়।’ স্পেন এই গ্রুপে দ্বিতীয়স্থানে রয়েছে। আগামী মঙ্গলবার স্প্যানিশরা ফ্রান্সে যাবে খেলতে। ডেল বস্ক এ প্রসঙ্গে বলেন, ‘আরো চারটি ম্যাচ খেলতে হবে এবং ফ্রান্সের বিরুদ্ধে প্রস্তুতির জন্য চারদিন রয়েছে।’