সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ২১:৪৫
আদিতমারীতে আর্থ আওয়ার পালন আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ “বিদ্যুত্ সাশ্রয়ী হই, ধরিত্রীকে রক্ষা করি”—এই স্লোগান নিয়ে গতকাল শনিবার লালমনিরহাটের আদিতমারীতে উদযাপন করা হলো আর্থ আওয়ার। বিদ্যুত্ বিভাগ ও বাংলাদেশ স্কাউটসের যৌথ আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আদিতমারী জিএস মডেল স্কুল ও কলেজ মাঠ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে এক আলোচনা উপজেলা স্কাউটস সহকারী কমিশনার কালীপদ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পল্লী বিদ্যুতের এজিএম মিজানুর রহমান। বাঘাইহাটে বাজার চালুর দাবিতে মানববন্ধন দীঘিনালা(খাগড়াছড়ি ) সংবাদদাতা \ ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে সংঘটিত সহিংস ঘটনায় বাড়িঘর হারানো ৫২ বাঙালি পরিবারকে যথাযথভাবে পুনর্বাসন ও অবিলম্বে বাঘাইহাট বাজার চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে সর্বস্তরের জনতা। পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উদ্যোগে আজ সকাল সাড়ে দশটা হতে বেলা ১১টা পর্যন্ত বাঘাইহাট বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির খাগড়াছড়ি জেলা আহবায়ক মোঃ আবদুল মজিদ। বকশীগঞ্জে নারী অধিকার বিষয়ক ক্যাম্পেইন বকশীগঞ্জ(জামালপুর)সংবাদদাতা \ ২৩ মার্চ শনিবার রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) উদ্যোগে বকশীগঞ্জে নারী অধিকার লংঘন প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুজ্জামান মতিনের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ ভবনে ক্যাম্পইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আরডিএস-এর উপজেলা কো-অর্ডিনেটর সিদ্দিকুর রহমান, প্রোগ্রাম অফিসার ফারজানা ইয়াসমিন, সাংবাদিক এম শাহীন আল-আমীন, মহিলাবিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন প্রমুখ। ক্যাম্পেইন শেষে একটি নাটিকা প্রদর্শন করা হয়। পাঁচবিবিতে বখাটেদের হামলায় ব্যবসায়ী আহত পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা \ মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনা প্রতিবাদ করায় বখাটেদের হামলায় রসুল আমিন নান্নু (৪৬) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি শহরের ১নং রেলঘুমটি এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে। আহত নান্নু ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকার সন্ত্রাসী ও বখাটেরা বেশ কিছুদিন থেকে সিমেন্ট ব্যবসায়ী রসুল আমিন নান্নুর মেয়েকে উত্ত্যক্ত করলে তিনি প্রতিবাদ করেন। এ ঘটনার জের ধরে সন্ত্রাসীরা ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে মারাত্মক আহত করে পালিয়ে যায়। পরে ব্যবসায়ী নান্নুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুড়িগ্রামে আর্থ আওয়ার উপলক্ষে মানববন্ধন কুড়িগ্রাম প্রতিনিধি \ বিদ্যুত্ সাশ্রয়ে কুড়িগ্রামে ‘আর্থ আওয়ার’ উদযাপনে শনিবার সকালে মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম স্কাউটস ও বিদ্যুত্ বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-উলিপুর সড়কে মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজার রহমান, স্কাউটস কমিশনার আজিজার রহমান, শামীমা আখতার জেমিন, খন্দকার খাইরুল আনম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব নীলু প্রমুখ। মেহেরপুরে লালন স্মরণে বাউল ভক্ত সম্মেলন মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলা চাঁদবিল মায়ের দান শান্তি আশ্রমের উদ্যোগে গত শুক্রবার রাতে চাঁদবিল মায়ের দান শান্তি আশ্রমে ২ দিনব্যাপি লালন স্মরণে বাউল ভক্ত সম্মেলন শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমঝুপি ইউনিয়নের সাবেক সভাপতি বোরহানউদ্দিন চুন্ন। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল্লা আলামিন ধুমকেতু। নবীনগরে শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ মহামান্য রাষ্ট্রপতির মৃত্যুতে জাতীয় শোক দিবসে ১ মিনিট নীরবতা ও বিশেষ দোয়া প্রার্থনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যারিস্টার জাকির আহম্মদ শিক্ষা ফাউন্ডেশন/২০১৩ প্রাথমিক ও জুনিয়র শিক্ষা বৃত্তি প্রদান শুক্রবার ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশন পরিচালিত উপজেলার বিভিন্ন স্কুল থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে মেধা তালিকায় ১৭২ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউল হক সরকার। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহম্মদ এতে সভাপতিত্ব করেন। ঈশ্বরগঞ্জে ব্র্যাকের কর্মশালা ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা\ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শক্তিশালী ও কার্যকর ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে স্ট্যান্ডিং কমিটির এক কর্মশালা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। বড়হিত ইউনিয়ন পরিষদ আয়োজিত বেসরকারি সংগঠন ব্র্যাক ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন বড়হিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলালঊদ্দিন মণ্ডল। ওই কর্মশালায় ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির ৫৫ জন সদস্য অংশগ্রহণ করেন। সুনামগঞ্জে বাইসাইকেল র্যালি সুনামগঞ্জ প্রতিনিধি\ সুনামগঞ্জে পরিবেশ সচেতনতা বিষয়ক বাইসাইকেল র্যালি করেছে একটিভ সিটিজেন ইয়ুথ লিডার্স। ‘এসো হাত রাখি হাতে, পরিবেশ বাচাতে’ এই শ্লোগানকে সামনে রেখে শনিবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাব থেকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় এক বর্ণাট্য র্যালি প্রদর্শন করে একটিভ সিটিজেন ইয়ুথ লিডার্সের স্কাউট বয়েজরা। এর আগে একটিভ সিটিজেন ইয়ুথ লিডার্স সুনামগঞ্জের সভাপতি বুরহানউদ্দিনের সভাপতিত্বে সুনামগঞ্জ প্রেসক্লাবে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব মতিউর রহমান। গোবিন্দগঞ্জে মোটর সাইকেল আরোহীর মৃত্যু গোবিন্দগঞ্জ সংবাদদাতা\ গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত শুক্রবার সন্ধ্যায় মহিমাগঞ্জ-গোবিন্দগঞ্জ সড়কে যাত্রীবাহী অটোটেম্পু ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী সাইফুল ইসলাম (৩৩) ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় তার স্ত্রী তাজনুরসহ আরো ৪ জন আহত হয়। নিহত সাইফুল ইসলাম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য। অপর আহতরা মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর গ্রামের ময়েজ উদ্দীনের পুত্র আফজাল হোসেন (৫০), আলাউদ্দিনের কন্যা রেহেনা (১৯), শাহজাহানের কন্যা শাহানা বেগম (২২)। ধামরাই আফাজউদ্দিন স্কুলে বিদায় অনুষ্ঠান ধামরাই সংবাদদাতা \ গত ২৩ মার্চ উপজেলার শরীফবাগে অবস্থিত আফাজউদ্দিন স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এ্যাডভোকেট মোঃ আবুল হোসেন সিদ্দিকী রাশেদ এবং প্রধান অতিথি ছিলেন ঐ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উপজেলা চেয়ারম্যান বিদ্যানুরাগী আলহাজ্ব তমিজউদ্দিন। ইসলামপুরে স্কুলের ত্রিতল ভবন উদ্বোধন ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ ইসলামপুর নেকজাহান পাইলট মডেল হাইস্কুলের শতবছর পূর্তির দ্বারপ্রান্তে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সমপ্রতি ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ত্রিতল ভবন উদ্বোধন করা হয়েছে। অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ডিহিদার বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামালপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য কর্মবীর আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। ধামরাইয়ে রাস্তা ও সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাই সংবাদদাতা \ গত ২২ মার্চ উপজেলার কুশুরা ইউনিয়নে ৫ কি.মি. রাস্তা পাকাকরণ ও তিনটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ধামরাইয়ের স্থানীয় সংসদ সদস্য ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। উন্নত যোগাযোগের ক্ষেত্রে তিনি ধামরাইকে একটি মডেল এলাকায় পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন। ধামরাই থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন (সাকু) সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ এসময়ে উপস্থিত ছিলেন। মেহেরপুরের দুইটি অগ্নিকাণ্ড মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলার গোপালপুর ও মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামে পৃথক ২টি অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। গতকাল শনিবার ওই ঘটনা ঘটে। জানা গেছে, এদিন সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের গোপালপুর গ্রামের হানিফ মন্ডলের ছেলে আব্দুল হাসানের বাড়িতে আগুন ধরে যায়। একই দিনে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের পুরন্দরপুর গ্রামের মোস্তাকিমের ছেলে রিপনের একটি তামাক ঘরে আগুন ধরে যায়। মান্দার কলেজে কর্মচারীদের কর্মবিরতি মান্দা (নওগাঁ) প্রতিনিধি\ টিউশন ও পরীক্ষা ফিসহ বিভিন্ন উন্নয়ন খাতের আয়ের অর্থ প্রাপ্তির দাবিতে নওগাঁর মান্দা উপজেলার উত্তরা ডিগ্রি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি শুরু করেছে। গত এক সপ্তাহ ধরে এ কর্মবিরতি চললেও এ পর্যন্ত তা নিরসনের উদ্যোগ নেয়া হয়নি। কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আমজাদ হোসেন জানান, কলেজ অধ্যক্ষ ফজলুল হক দীর্ঘদিন ধরে চতুর্থ শ্রেণির কর্মচারীদের বিভিন্ন খাত থেকে আয়ের অর্থ থেকে বঞ্চিত করে আসছেন। এ প্রসঙ্গে কলেজ অধ্যক্ষ ফজলুল হক জানান, চতুর্থ শ্রেণির কর্মচারীদের এ দাবি সম্পূর্ণ অবৈধ। নেত্রকোনায় গাছের ডালের আঘাতে একজনের মৃত্যু নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বামনখালী নামক স্থানে গতকাল দুপুরে ট্রাকের ওপর দাঁড়িয়ে যাওয়ার সময় গাছের ডালের সাথে বাড়ি খেয়ে আবদুল লতিফ (৫০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার বাড়ি উপজেলার জারিয়া গ্রামে। ময়মনসিংহ থেকে জারিয়া যাওয়ার পথে এ ঘটনা ঘটে। কসবা মহিলা ডিগ্রি কলেজে মা সমাবেশ কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ গতকাল শনিবার কসবা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার মানোন্নয়ন, ২০১৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও জোবেদা-রহিম ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান উপলক্ষে “মা সমাবেশ” কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কসবা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. তসলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী শিল্পপতি এ.কে.এম. বদিউল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোশাররাফ হোসেন ইকবাল, পৌর কাউন্সিলর মো. জসিমউদ্দিন আহাম্মদ, কসবা টি.আলী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ এ.কে. আজাদ প্রমুখ। কুমিল্লায় অস্ত্রসহ ১৫ মামলার আসামি গ্রেফতার কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লার তিতাসে অস্ত্রসহ সাগর নামের ১৫ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার শিবপুর গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে গতকাল শনিবার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে। জানা যায়, জেলার তিতাস উপজেলার সাহাপুর গ্রামের সামছুল হক প্রকাশ হাবুল বেপারির পুত্র সাগরকে (২৫) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শুক্রবার গভীর রাতে শিবপুর গ্রামে তার আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে। কাঠালিয়ায় গার্লস গাইডসের কমিটি গঠন কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা\ কাঠালিয়ায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে গার্লস গাইডসের কমিটি গঠন উপলক্ষে একসভা গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহবুবা হোসেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মজিবুর রহমান, কাঠালিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী খান, এসএম আমিরুল ইসলাম প্রমুখ। গৌরীপুরে দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা\ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার লংকাখোলা-বেখৈরহাটি সড়কে বৃহস্পতিবার রাতে ইছামতি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে দুই মোটর সাইকেল আরোহী নিহত হন। নিহতরা হলেন:উপজেলা সহনাটি ইউনিয়নের ঘাটেরকোনা গ্রামের মৃত আব্দুল মান্নান মুন্নাফের ছেলে মো. রফিকুল ইসলাম রফিক (২৪), মৃত ঈমান আলীর ছেলে দুদু মিয়া (৩২)। আহত চান মিয়ার পুত্র তপনকে (২৩) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাগেশ্বরীতে ট্রলির ধাক্কায় ১ শিশুর মৃত্যু নাগেশ্বরী সংবাদদাতা\ নাগেশ্বরীতে ট্রলির ধাক্কায় ১ শিশুর মৃত্যু হয়েছে। গত ২২ মার্চ সকালে পৌর এলাকার বাগডাঙ্গা দধিরভিটা গ্রামের ইসমাইল হোসেনের পুত্র আ. হাকিম (১০) বাড়ির সামনে রাস্তায় খেলার সময় মাল বোঝাই একটি দ্রুতগামী ট্রলি সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। শিশুটিকে দ্রুত নাগেশ্বরী হাসপাতালে আনা হয়। পরিস্থিতির অবনতি ঘটায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওইদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়। বক্তৃতায় বাংলাদেশ চ্যাম্পিয়ন লালমনিরহাটে সংবর্ধিত কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা\ ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় খ-গ্রুপের উপস্থিত বক্তৃতায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লালমনিরহাট জেলার কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাহ নেয়াজ সম্রাট। বক্তৃতার বিষয় ছিল ‘বাংলাদেশে ইসলাম প্রসারে ইসলামী ফাউন্ডেশনের ভূমিকা’। এ উপলক্ষে সম্রাটের নিজ স্কুলে গতকাল শনিবার গণসংবর্ধনা প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন সম্রাটের পিতা ব্যাংকার মনির হোসেন, মাতা শাহনাজ বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান প্রমুখ।