জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সঙ্গে কিংবা জাতীয় ঐক্যফ্রন্টে কোনো সংকট হয়নি। জোট হলে তো আসন ভাগ করতেই হয়। আলোচনা কিছুটা শুরু হয়েছে। তবে এটা কঠিন কাজ। পিঠা ভাগ করতে গেলেও টানাটানি হতে পারে। কেউ পাবে, কেউ পাবে না। তবে যে পাবে না সে তার পক্ষে যুক্তি তুলে ধরবে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘লঞ্চিং গণফোরাম-লেড পাবলিক পলিসি ইনিশিয়েটিভ’ শীর্ষক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বিদ্যমান পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব কি-না, এ ব্যাপারে জানতে চাইলে ড. কামাল বলেন, আমরা নিরাশ হতে চাই না। ভোটে বাধা দেওয়া হলে তা স্বাধীনতার বিরোধিতার সমান। কারণ, ভোট জনগণের গণতান্ত্রিক অধিকার। যারা নির্বাচনে অংশ নেবেন শুধু তারাই বঞ্চিত হবে না, পুরো দেশের মানুষ বঞ্চিত হবেন। ‘ভোট পাহারা’ দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে ড. কামাল বলেন, ‘ভোট পাহারা কি গৃহযুদ্ধ করা?’ সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্ট জয়ী হলে কী করবে, সে ব্যাপারে গণফোরামের সদ্য যোগদানকারী ড. রেজা কিবরিয়া কথা বলেন। তিনি গণফোরামের পক্ষ থেকে কিছু অর্থনৈতিক প্রস্তাব তুলে ধরেন।
