সিরিজে টিকে থাকতে আজ জয় ভিন্ন পথ নেই টাইগারদের

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ২২:৩৯
শনিবার প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত তাদের বড় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। আজ এই পরাজয়ের দুঃখ ঘোচানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আজ শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলতে আবার মাঠে নামবে মুশফিকুর রহিমের দল। আজকের ম্যাচে হারলেই সিরিজ হাতছাড়া হবে বাংলাদেশের। জিতলে ১-১ এ সমতা আসবে। সেক্ষেত্রে তৃতীয় ম্যাচটি হয়ে উঠবে এই সিরিজের ‘ফাইনাল’। হাম্বানটোটার মাহিন্দা রাজাপাক্সে স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হবে দিবা-রাত্রির এই ম্যাচটি। একই ভেন্যুতে প্রথম ম্যাচে শনিবার বাংলাদেশ আগে ব্যাট করে তামিম ইকবালের সেঞ্চুরি ও নাসির হোসেনের ঝড়ো ৭৩ রানের ইনিংসে ভর করে ২৫৯ রানের সম্মানজনক স্কোর করেছিল। কিন্তু বাংলাদেশের ইনিংস শেষে ফ্লাড লাইট কাজ না করায় দীর্ঘক্ষণ পর শ্রীলংকার ইনিংস শুরু হয়। ফলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে শ্রীলংকার সামনে ৪১ ওভারে ২৩৮ রানের লক্ষ্য দাঁড়ায়। তিলকত্নে দিলশানের সেঞ্চুরিতে ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলংকা। বাংলাদেশ দলের কোচ শেন জার্গুনসেন গতকাল হাম্বানটোটায় বলেছেন, শ্রীলংকার ইনিংসের শুরুতে পেস বোলাররা ভালো বল না করতে পারায় এই পরাজয়। আজ তারা বোলিংটা ভালো করে ফলটা বদলাতে চান। গতকাল পর্যন্ত একাদশ ঠিক না হলেও বোলিং আক্রমণে তেমন কোনো পরিবর্তন আসবে বলে মনে হয় না। তবে দলে একটা পরিবর্তন অবশ্যম্ভাবী। তামিম ইকবাল গত ম্যাচেই ইনজুরিতে পড়ে আজ দেশে ফিরে আসছেন। তার বদলে আজ ইনিংস শুরু করতে পারেন টেস্টে ইনিংস শুরু করা জহুরুল ইসলাম। এদিকে ইনফর্ম মোমিনুল হককে দলে ফেরানোরও চিন্তা চলছে। সেটা কার জায়গায় তা নিশ্চিত হয়নি।