কচুভর্তা, কবুতরের গোশত, ছোট মাছের চচ্চড়ি, কলাভর্তা—এগুলো বাঙালির চিরায়ত খাবার। ঢাকা শহরে এসব খাবার তো পাওয়া মুশকিল। বাঙালির খাবারের স্বাদ দিতে এসেছে কড়াই গোশত। সাতমসজিদ রোডে হাঁটতে থাকলে চোখে পড়বে কড়াই গোশত নামের রেস্টুরেন্টটি। বাইরে থেকে দৃষ্টিনন্দন এবং নিশ্চতভাবেই বলা যায়, ভেতরটাও আপনার দৃষ্টি ও স্বাদ ইন্দ্রিয়কে আকর্ষিত করবে এর খাবার। ঘুরে এসে লিখেছেন সাজেদুল ইসলাম শুভ্র
ও ছবি তুলেছেন দীপঙ্কর দীপু
নাম কড়াই গোশত হলেও এখানে সবজি, ভর্তা, মাছ, ভাতসহ বাংলা, চায়নিজ, ইন্ডিয়ান ও থাই—সব ধরনের খাবারই পাবেন। কড়াই গোশতের বিশেষত্ব, গরম চুলা থেকে নামিয়ে কড়াইতেই খাবার পরিবেশন করা হয়। এখানকার সব ধরনের খাবার জীবাণুমুক্ত এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি ও পরিবেশন করা হয় বলে জানালেন শেফ রিপন। কড়াই গোশতের সময় শুরু হয় সূর্য ওঠার পরপরই। সকালে নাশতার মেন্যুতে নিয়মিত সব পদের পাশাপাশি পাবেন মুরগির লটপটি, খাসির ভুনা, কলিজা ভুনা, চিকেন কড়াই, ভাজা হালুয়া, ডাল গোশত ইত্যাদি। প্লেইন নানের পাশাপাশি বাটার নান, গার্লিক নান ও স্পেশাল পরোটা সব সময়ই পাওয়া যায়। দুপুরবেলা কড়াই গোশতে খাওয়ার জন্য আকর্ষণীয় একটি পদ হলো ইলিশ পোলাও ও খিচুরি। একটু বেশি তেলতেলে এবং মচমচে ইলিশের সঙ্গে চিকন চালের খিচুরি। এ ছাড়া আছে হায়দরাবাদী দম বিরিয়ানি, হরেক রকম ভর্তা, চিংড়ির মালাইকারি, সরষে ইলিশ, চিতলের কোপ্তা, লাউ শোল মাছ, চিকেন মসল্লাম, চিকেন চমচম, খাসি দোপেঁয়াজি, টমেটো খাসি ইত্যাদি। এ ছাড়া রয়েছে শাক, সবজি, মাছ ও মাংসের অনেকগুলো পদ।
তবে ভোজনরসিকেরা কড়াই গোশতে যান কড়াই গোশত খেতেই। এ পদে মুরগি, খাসির ও গরুর মাংস ভুনা রেঁধে কড়াইয়ে করে গরম গরম পরিবেশন করা হয়ে থাকে। এর স্বাদও অনন্য। কড়াইয়ে পরিবেশন করা পদগুলো যেকোনো সময়ই পাওয়া যায়। এই পদগুলোর দাম ২৮০ টাকার মধ্যেই।
দুপুর এবং রাতে থাকছে স্পেশাল তেহারি, কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, হায়দারাবাদি দম বিরিয়ানি, চিকেন বিফ, মাটন ও কলিজা খিচুরি এবং ইলিশ পোলাও ও ইলিশ খিচুরি, সঙ্গে থাকছে কড়াই গোশত, বিফ তাওয়া ঝালফ্রাই, বিফ আচারি ঝালফ্রাই, বিফ কালিয়া মাটন ঝালকারি, মাটন দোপিঁয়াজু, কড়াই মাটন, মাটন তাওয়া ঝালফ্রাই, মাটন আচারি ঝালফ্রাই। চিকেনের বিভিন্ন আইটেমে থাকছে চিকেন কোপ্তা, চিকেন ঝালফ্রাই, চিকেন তাওয়া ঝালফ্রাই, চিকেন আলু ঝাল কারি, চিকেন চমচম, চিকেন কড়াই, চিকেন রোস্ট ও চিকেন রেজালা। দাম বিভিন্ন ধরনের বিরিয়ানি ১৫০ থেকে ২৫০ টাকা, বিফের বিভিন্ন আইটেম ১৬০ থেকে ৩০০ টাকা, মাটন মেন্যু ১৬০ থেকে ৩৫০ টাকা এবং চিকেনের আইটেমগুলো পাবেন ১৩০ থেকে ২৯৫ টাকার মধ্যে। স্পেশাল আয়োজনে থাকছে হাঁস ভুনা ২৫০ টাকা এবং কবুতর রোস্ট ২১০ টাকা। রয়েছে রুই মাছের দোপিঁয়াজু, বাইন মাছ ভুনা, শিং মাছ কারি, কৈ মাছ, লাউ-শোল মাছ, মুড়িঘণ্ট, সর্ষে ইলিশ, রূপচাঁদা ফ্রাই, কাচকি মাছ, মলা মাছ, টেংরা, বোয়াল, আইড় মাছের বিভিন্ন আইটেম। এ ছাড়াও থাকছে ফিশ কারি কোপ্তা, চিতল মাছের কোপ্তা, চিংড়ি পটল, চিংড়ি মালাইকারি। দাম বাজারমূল্য অনুযায়ী।
ডেজার্ট ও পানীয়ের মাঝে পুডিং, ফিরনি, ফালুদা, দই, ফ্রেশ ফ্রুট জুস, ফ্রুট ককটেল, মিল্ক শেফ, লাচ্চিসহ বিভিন্ন ধরনের আইসক্রিম এবং কোমল পানীয়। দাম ৪০ থেকে ৪৫০ টাকা। বুফেতে ২৮০ জনকে একত্রে খাবার সরবরাহের ব্যবস্থা রয়েছে। বুফেতে মোট ৫১টি আইটেমের বাংলা, ইন্ডিয়ান, থাই ও চায়নিজ খাবার পরিবেশন করা হয়। রয়েছে পার্সেল সুবিধাও। জন্মদিন, বিয়ে, গায়ে হলুদ ও অফিশিয়াল পার্টিসহ যেকোনো অনুষ্ঠান করার ব্যবস্থাও রয়েছে। হোম ডেলিভারি সেবাও পাবেন। সপ্তাহের প্রতিদিনই সকাল ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত খোলা থাকে।
