চকলেট কার না প্রিয়। ছোট-বড়, নারী-পুরুষ, শিশু-কিশোর সকলের প্রিয় চকলেট। আর বেশিরভাগ শিশুদের কিটকাট হলেই তো কথাই নেই। তবে শিশুদের প্রিয় কিটকাট চকলেট নিয়ে একটি দুঃসংবাদ দিয়েছে কানাডিয়ান ফুড ইনস্পেকশন এজেন্সী (সিএফআইএ)। সংস্থাটি নেসলের কিছু কিছু কিটকাট চকলেট বার না খাওয়ার জন্য পরামর্শ দিয়েছে। কারণ কানাডার ফুড ইনস্পেকশনে এসব কিটকাট বারে প্লাস্টিকের উপাদান পাওয়া গেছে যা মানব শরীরের জন্য ক্ষতিকর। নেসলের যে সমস্ত কিটকাট বারে ক্ষতিকর প্লাস্টিক পাওয়া গেছে তা হচ্ছে, কিটকাট চানকি পিনাট বাটার বার, কিটকাট চানকি হ্যাজেল নাট বার এবং কিটকাট চানকি ভ্যারাইটি মাল্টিপ্যাকস। নেসলে কানাডিয়ান ফুড ইনস্পেকশন টিমের রিপোর্ট পাওয়ার পর ইতিমধ্যে কানাডার সকল স্টোর, শপিং সেন্টার থেকে কিটকাট বা চকলেট প্রত্যাহার করে নিয়েছে। তবে কানাডার একটি নিউজ এজেন্সী সূত্রে বলা হয় কিটকাট বারে প্লাস্টিক পাওয়া গেলেও কোন স্বাস্থ্য ঝুঁকির ব্যাপারে এখনও কেউ কোন অভিযোগ করেনি।
উল্লেখ্য, বাংলাদেশেও বিদেশ থেকে কিটকাট বার চকলেট আসে। এসব কিটকাট চকলেট পরীক্ষার দায়িত্ব বিএসটিআই-এর। আমাদের দেশে পাওয়া কিটকাট চকলেট বার নিরাপদ কিনা তা পরীক্ষা করে দেখা দরকার।
