একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ওয়াজ-মাহফিলের ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে নির্বাচন কমিশনকে উকিল নোটিস পাঠানো হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে। যদি তা করা না হয় তাহলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।
গতকাল সোমবার ডাকযোগে স্বরাষ্ট্র সচিব ও কমিশনের সচিব বরাবর এই নোটিস পাঠানো হয়। ঢাকার রাজারবাগ দরবার শরীফের আন্তর্জাতিক ওয়াজ আয়োজক কমিটির সদস্য আল্লামা মুহম্মদ মাহবুব আলম ও অন্যতম বক্তা আল্লামা আবুল খায়ের মুহম্মদ আজিজুল্লাহর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ ওমর শরীফ এই নোটিস পাঠান।
এদিকে সংবিধান অনুসারে আইন প্রণয়ন না করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সহ অপর চার কমিশনার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তির পক্ষে আইনজীবী ইউসুফ আলী রবিবার এই রিট দাখিল করেন। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজ মঙ্গলবার এ রিটের উপর শুনানি হতে পারে বলে জানান ওই আইনজীবী।
