বড়পুকুরিয়া কয়লা খনিতে বিষাক্ত গ্যাসে চীনা প্রকৌশলীর মৃত্যু

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২০:৫১
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনিতে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সোমবার সকালে কেকসি (৪৮) নামে এক চীনা প্রকৌশলী মারা গেছেন। সংশিষ্ট সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া কয়লা খনির একটি ভূগর্ভস্থ কূপে সোমবার বিষাক্ত গ্যাস নির্গত হওয়ায় উক্ত গ্যাস নির্গমনের পথ বন্ধ করতে চীনা প্রকৌশলী কেকসি নিচে নামেন। কিন্তু কাজ করার সময় তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে ভূগর্ভস্থ কূপ থেকে উপরে উঠানো হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান বলেন, অস্বাভাবিক মৃত্যুর কারণে প্রকৌশলী কেকসির মৃতদেহ সোমবার বিকালে ময়না তদন্ত করে লাশ হিমঘরে রাখা হয়েছে। বিদেশি নাগরিক হওয়ায় যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর তার মরদেহ নিজ দেশে পাঠানো হবে।