ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা শুরু করার উদ্যোগ

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২০:৫২
ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু করার উদ্যোগ নিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। নাম প্রকাশ না করার শর্তে ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, উভয়পক্ষের সঙ্গে আলোচনার পর কেরি মার্কিন প্রশাসনের প্রকৃত হস্তক্ষেপ শুরু করেছেন। তিনি বলেন, ‘সমাধান খুঁজতে মার্কিন চাপ শুরু হয়েছে।’ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত সপ্তাহে পবিত্র এ ভূমিতে প্রথম সরকারি সফর করেন। এ সময় জন কেরি তার সঙ্গে ছিলেন। এ অঞ্চলে ওবামার সফরকালে কেরির ভূমিকা ততটা দেখা যায়নি। শনিবার ওবামার সফর শেষ হয়। কিন্তু কেরি থেকে যান। তিনি আম্মানে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাত্ করেন। এরপর ইসরাইলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার জন্য তিনি জেরুজালেম যান। ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, মার্কিন প্রশাসন পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের জন্য আগামী দুই মাসে উভয়পক্ষের কাছে একটি কর্মপরিকল্পনা পেশ করবে। তিনি বলেন, দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় বৈঠকের ব্যাপারে বলার সময় এখনো আসেনি।