মাইক্রোসফটের এক্সেল প্রোগ্রামটি এখন সারা বিশ্বে জনপ্রিয়। স্প্রেডশিট প্রোগ্রাম হিসেবে এর চেয়ে জনপ্রিয় সফটওয়্যার প্রোগ্রাম খুঁজে পাওয়া কঠিন। এই ধরনের স্প্রেডশিট প্রোগ্রামের জনক বলা হয়ে থাকে ড্যান ব্রিকলিনকে। আমেরিকান এই প্রোগ্রামার বব ফ্র্যাংকস্টনের সাথে তৈরি করেন বিশ্বের প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম ‘ভিসিক্যালক’। ১৯৫১ সালের ১৬ জুলাই জন্মগ্রহণ করা ব্রিকলিনের পুরো নাম ড্যানিয়েল সিঙ্গার ড্যান ব্রিকলিন। ম্যাসাচুসেট ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে তিনি ১৯৭৩ সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি অবশ্য গণিতে পড়ালেখা শুরু করেছিলেন। এমআইটি থেকে স্নাতক ডিগ্রি লাভের পর ব্রিকলিন ১৯৭৬ সাল পর্যন্ত ডিজিটাল ইকুইপমেন্ট করপোরেশনে কাজ করেন। পরে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। হার্ভার্ডে পড়ালেখা করা অবস্থাতেই ব্রিকলিন বব ফ্রাংকস্টনের সাথে ‘ভিসিক্যালক’ তিনি। পরে তিনি আরও কয়েকটি প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হন। বর্তমানে তিনি তার নিজস্ব প্রতিষ্ঠান সফটওয়্যার গার্ডেনে কাজ করছেন।
