সারাদেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২১:৩৫
সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। খবর জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) কসবায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিলো ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউট, গার্লস গাইড, কিন্ডারগার্টেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অন্যান্য শিশু-কিশোর সংগঠনের অংশগ্রহণে সমাবেশ। দাউদকান্দি (কুমিল্লা) সংস্কৃতি শোভাযাত্রা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দাউদকান্দি, হোমনা, তিতাস, চান্দিনা, মুরাদনগর, দেবীদ্বার ও মেঘনা উপজেলায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়। কাহারোল (দিনাজপুর) কাহারোলে স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিক ইমাম উপজেলা পরিষদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। আওয়ামী লীগ সভাপতি, সম্পাদকসহ দলের অঙ্গসংগঠনের পক্ষ হতে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। চারঘাট (রাজশাহী) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা, মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের শারীরিক কসরত ও ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্সী মনিরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ চাঁদ। হোসেনপুর (কিশোরগঞ্জ) হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হয়েছে। হোসেনপুর স্মৃতিশৌধ ও কুড়িঘাট বধ্যভূমিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অফিসার্স ক্লাব, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, হোসেনপুর প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংগঠন ও স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে। পাঁচবিবি (জয়পুরহাট) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মহান স্বাধীনতা দিবস পালন করা হয়। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পাঁচবিবি পৌরসভা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও তার অঙ্গসংগঠন, পাঁচবিবি প্রেসক্লাব, এনজিও ফোরাম, শ্রমিক সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের লোকজন পুষ্পস্তবক অর্পণ করে। তালা (সাতক্ষীরা) সাতক্ষীরার তালায় বিনম্র শ্রদ্ধায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে দুদিনের কর্মসূচি গ্রহণ করে উপজেলা প্রশাসন। শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও উপ-শহরে একটি র্যালি বের হয়। র্যালি শেষে তালা সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজ, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মীর্জাগঞ্জ (পটুয়াখালী) বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মীর্জাগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আলোচনাসভা। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) মঙ্গলবার যথাযথ মর্যাদার সাথে দামুড়হুদা ও দর্শনায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসন ও দর্শনা পৌর মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, দর্শনা চিনিকল, চিনিকল শ্রমিক সংগঠন ও প্রেসক্লাব প্রভাতফেরি করে শহীদের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। রায়পুরা (নরসিংদী) রায়পুরায় মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রায়পুরা থানায় ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুরু হয়। সকল সরকারি-বেসরকারি ভবন, দোকানপাট, যানবাহনে জাতীয় পতাকা উত্তোলন এবং রায়পুরা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ, বিএনপি, রায়পুরা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। সারিয়াকান্দি (বগুড়া) সারিয়াকান্দিতে স্বাধীনতা দিবস পালিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পাবলিক মাঠে প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দুমকী (পটুয়াখালী) দুমকী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুন-অর-রশীদ হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজাহান আকন সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাছিমা বেগম, জি.এম শাহনেওয়াজ অফিসার ইনচার্জ, দুমকী থানা, দুমকী উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কুলিয়ারচর (কিশোরগঞ্জ) কুলিয়ারচরে জাতীয় দিবস পালিত হয়েছে। সকালে স্থানীয় খেলার মাঠে শিশু-কিশোর সামাবেশ, মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের শরীরচর্চা প্রদর্শন, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় উপহার সামগ্রী বিতরণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ ও স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল- ৩১ বার তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। বোদা (পঞ্চগড়) ব্যাপক উত্সাহ উদ্দীপনা ও বিভিন্ন কর্মসসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সরকারিভাবে পালিত হয়েছে। সরকারি, বেসরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ব্যক্তি শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। সুর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। গফরগাঁও (ময়মনসিংহ) গফরগাঁওয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও এর অঙ্গ সংগঠন, গফরগাঁও প্রেসক্লাব, মুক্তপায়রা খেলাঘর আসরসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায়। ভূঞাপুর (টাঙ্গাইল) ভূঞাপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে ভূঞাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়ামীন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামছুল হক তালুকদার ছানু। দুর্গাপুর (নেত্রকোনা) মহান স্বাধীনতা দিবসে দুর্গাপুর উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ. বিএনপি, সিপিবি, জালাল হত্যার প্রতিবাদ পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও আয়োজিত যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে। চাটমোহর (পাবনা) বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চাটমোহরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। চাটমোহর উপজেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এরপর উপজেলা পরিষদ চত্বরের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. একেএম সামসুদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। জীবননগর (চুয়াডাঙ্গা) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। খালিয়াজুরী (নেত্রকোনা) স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় খালিয়াজুরীতে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এখানে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা, মসজিদ-মন্দিরে প্রার্থনা, রোগী ও এতিমদেরকে উন্নত খাবার পরিবেশন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চৌদ্দগ্রাম (কুমিল্লা) \ মঙ্গলবার কুমিল্লা চৌদ্দগ্রামে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে। ভান্ডারিয়া (পিরোজপুর) উপজেলা প্রশাসনের উদ্যোগে ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে । সকালে প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিহারী স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান মাহিবুবুল হোসেন মাহিম। স্বরূপকাঠি (পিরোজপুর) স্বরূপকাঠি উপজেলা জাতীয় পার্টি (জেপি) বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে। কর্মসূচির মধ্যে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা। দিবসের প্রথম প্রহরে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা জেপি’র যুগ্ম আহবায়ক মো. মাসুম আহমেদসহ নেতৃবৃন্দ। সকালে উপজেলা যুগ্ম আহবায়ক মো.তরিকুল ইসলাম তারেকের নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দ সরকারি স্বরূপকাঠি কলেজ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। জেপি’র যুগ্ম আহবায়ক মো. মাসুম আহমেদের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বরূপকাঠি পৌর জেপি’র সভাপতি মো. ইয়াকুব হোসেন, সাধারণ সম্পাদক মো. তুহিন আহসান, জেপি নেতা মো. করিম ভুঁইয়া, মো. মাসুদ আহমেদ, মো. ফয়সাল আহসান সুজন , মো. আকবর হোসেন ও মো. রিপন প্রমুখ। নাসিরনগর (বি. বাড়িয়া) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নাসিরনগরে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে। পরে স্থানীয় শহীদ মিনারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপির নেতৃত্বে আওয়ামী লীগ, বিজেপির ভাইস চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাস্টারের নেতৃত্বে বিজেপি, উপজেলা নিবার্হী কর্মকতা সামিহা ফেরদৌসীর নেতৃত্বে উপজেলা প্রশাসন, বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নানের নেতৃত্বে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের স্মরণে শহীদ মিনারের পুষ্পমাল্য অর্পণ করেন।