জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল এক বিবৃতিতে বলেছেন, আওয়ামী লীগ সরকার সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে পুলিশ দিয়ে অব্যাহত গুলিবর্ষণ, গণহত্যা, গণগ্রেফতার, গণনির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায়। আওয়ামী লীগ দেশের সংবিধান মানে না। গণতন্ত্রে বিশ্বাস করে না। এ সরকারের হাতে মানুষের জান-মাল, ইজ্জত-আব্রুর কোন নিরাপত্তা নেই। তারা ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার দিবাস্বপ্ন দেখছেন। জনগণ তাদের এ স্বপ্ন কখনো বাস্তবায়ন করতে দেবে না। তিনি পুলিশের উদ্দেশে বলেন, গুলি চালানো বন্ধ করুন। আপনারা কোন দলের পুলিশ অফিসার নন। আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামক রাষ্ট্রের পুলিশ। কোন দল বা ব্যক্তির হিংসাত্মক কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে পোষা হয় না। জনগণের জানমালের নিরাপত্তার জন্য আপনাদেরকে নিয়োজিত করা হয়েছে। অতএব দলীয় আনুগত্য পরিহার করে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করুন। তিনি সরকারের জুলুম-নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে ১৮ দলীয় জোটের দেশব্যাপী ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
