ভ্রাম্যমাণ প্রতিনিধি
জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহে দু’দল গ্রামবাসির মধ্যে সংঘর্ষে নয়ন মণ্ডল নামে একজন নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া-চুয়াডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার এসআই জিয়ারুল ইসলাম জানান, ধানহাড়িয়া-চুয়াডাঙ্গা গ্রামের ইউসুপ আলীর সাথে একই গ্রামের আজিবর মন্ডলের ৩৩ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে বুধবার সকাল ৭টার দিকে দু’পক্ষের লোকজন ঢাল, সুড়কি, রামদা ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আহত আজিবর মন্ডলের ছেলে নয়ন মন্ডল হাসপাতালে আনার পথে মারা যান। আহত অন্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। কেউ কেউ গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিয়েছে। নতুন করে সংঘর্ষের আশংকায় গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
