আবিরে-আনন্দে দোল পূর্ণিমা উদযাপন

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ২২:০২
কাল ছিল সনাতন ধর্মাবলম্বীদের রঙে রঙে রঙিন হয়ে ওঠার দিন। ফাল্গুনের গৌরপূর্ণিমা তিথিতে গতকাল আবিরে-আনন্দে, নৃত্যে, পূজা-হোমযজ্ঞে গতকাল পালিত হলো দোল পূর্ণিমা। দ্বাপর যুগ থেকে শ্রীকৃষ্ণের এ দোলযাত্রা বা দোল উত্সব চলে আসছে। গতকাল রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবিরের রঙে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রা বের করা হয় বিভিন্ন স্থানে। এরপর ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন। সবচেয়ে বড় উত্সব হচ্ছে কুস্টিয়ার লালন আখড়ায়। দোল পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এ উত্সবে ভক্তরা সৃষ্টিকর্তার কাছে ন্যায়ের বিজয় ও অন্যায়ের বিনাশ প্রার্থনা করেন। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, দোল পূর্ণিমায় বৃন্দাবনের নন্দন কাননে ভগবান শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে তার সখী রাধিকা দেবী ও গোপী-গণের সাথে রঙয়ের খেলায় মেতেছিলেন। রাধা-কৃষ্ণ দোল উত্সব করতেন পুষ্পরেণুর মাধ্যমে। সময়ের বিবর্তনে পুষ্পরেণু ‘আবির’ নামের লাল রঙের এক ধরনের পাউডারে রূপান্তরিত হয়েছে। বহির্বঙ্গে পালিত হোলি উত্সবটির সঙ্গে দোলযাত্রা উত্সবটি সম্পর্কযুক্ত। আবার, এই পূর্ণিমা তিথিতেই শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন বলে একে গৌর-পূর্ণিমা নামেও অভিহিত করেন বৈষ্ণব বিশ্বাসীরা।