মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জামায়াত-শিবিরের চার নেতার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। বোয়ালিয়া মডেল থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে গত মঙ্গলবার রাতে বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এমাজউদ্দিন মন্ডল, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল আলম ইমন, রাবি ছাত্র শিবির নেতা শরিফুল ইসলাম তুহিন ও পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্র শিবির নেতা আশরাফুল ইসলাম। আসামিদের কাউকে গতকাল বুধবার পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি।
পুলিশ জানায়, বোয়ালিয়া মডেল থানার অভ্যন্তরে গত মঙ্গলবার ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনায় এ মামলা দায়ের করা হয়। থানার পূর্ব পাশের দেয়ালের বাইরে থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছিল। এতে পুলিশের তিন কনস্টেবল ফিরোজ, দবির ও মনির আহত হন। রাজশাহী মহানগর পুলিশের কমিশনার এসএম মনির-উজ-জামান বলেন, এটা নিশ্চিত জামায়াত-শিবিরের কাজ। দুই ছাত্র শিবির কর্মীকে আটকের কারণে তারা থানায় এ হামলা চালায়।
