n কাজী আনিস ইমরান
ঈদের প্রস্তুতি নিতে শুরু করেছেন অনেকেই। ঈদ উপলক্ষে কেনাকাটাও শুরু হয়ে গেছে। ছোট-বড়, ছেলেমেয়ে সবাই এখন পছন্দের পোশাক বা শপিং নিয়ে ব্যস্ত। ছেলেদের শপিং মূলত পাঞ্জাবি দিয়ে শুরু হলেও, অনেকের কাছে পাঞ্জাবির পাশাপাশি নতুন টি-শার্টও সমান গুরুত্ব পায়। কারণ সারাক্ষণ পাঞ্জাবি পরে থাকতে অস্বস্তি লাগে। আর এবারের ঈদে তো গরম থাকবেই। গরমে বেশিক্ষণ পরার জন্য পাঞ্জাবি না, বরং অনেকেই ভরসা রাখেন টি-শার্টের ওপর। ফলে ফ্যাশন হাউসগুলো ছেলেদের এ চাহিদাকে গুরুত্ব দিয়ে নতুন নতুন ডিজাইনের সব টি-শার্ট নিয়ে আসে ঈদে।
আবহাওয়া ও ক্রেতাদের চাহিদা বিবেচনা করে ফ্যাশন হাউসগুলো রংবেরঙের টি-শার্ট নিয়ে এসেছে। ফ্যাশন হাউসগুলো ঘুরে দেখা গেছে, বাহারি কালার ও ডিজাইনের কালেকশন। বৈচিত্র্যে ভরপুর এসব টি-শার্ট বেশ আকর্ষণীয়।
তরুণদের পছন্দের কথা মাথায় রেখে টি-শার্টের কালারে বেশ কিছু ভেরিয়েশন এনেছে ফ্যাশন হাউসগুলো। গাঢ় বা হালকা বা উভয় কালারের সংমিশ্রণ রেখেছে টি-শার্টে। বিশেষ করে উজ্জ্বল রঙের টি-শার্ট বেশি দেখা গেছে ফ্যাশন আউটলেটগুলোতে। তাছাড়া তাদের এবারের আয়োজনে নতুনত্ব হচ্ছে প্রিন্টের ব্যবহার। আর প্রিন্টগুলো বেশ বড় বড় করা হয়েছে। রাবার প্রিন্টের পরিবর্তে পিগমেন্ট ডিসচার্জ প্রিন্ট করা হয়েছে। বিভিন্ন নকশা, কারুকার্য, ঐতিহাসিক স্থান প্রভৃতির ছবি ফুটিয়ে তোলা হয়েছে এসব প্রিন্টে। এছাড়া বিখ্যাত সব উক্তি ও প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ দৃশ্যও দেখা গিয়েছে টি-শার্টগুলোয়, যা টি-শার্টগুলোকে করেছে বৈচিত্র্যময়। এসব প্রিন্টের টি-শার্ট দেখতে যেমন সুন্দর, তেমনি বেশ আরামপ্রদ।
ফ্যাশন হাউস ইজির কালেকশনে রয়েছে বড় ও ছোট স্ট্রাইপের হরেক ডিজাইনের টি-শার্ট। এছাড়াও অর্ধেক স্ট্রাইপ ও অর্ধেক এক কালারের সংমিশ্রণে এসেছে নতুন ডিজাইনের টি-শার্ট। উজ্জ্বল রঙের মিশেলের এসব টি-শার্ট আপনার ব্যক্তিত্বেও যোগ করবে বাড়তি মাত্রা।
‘ঈদকে সামনে রেখে টি-শার্টে অনেক বৈচিত্র্য আনা হয়েছে। গরমের সময় বলে পাতলা কাপড় ব্যবহার করা হয়েছে। কাপড়গুলো শতভাগ সুতি। টি-শার্টে এ বছর প্রিন্টের দিকেই বেশি মনোযোগ দেওয়া হয়েছে। ডিসচার্জ প্রিন্ট নামে নতুন এক ধরনের প্রিন্ট করা হয়েছে। এ ধরনের প্রিন্ট খুবই পাতলা হয়ে থাকে, যা শরীরের সঙ্গে মিশে যায়। ফলে ডিসচার্জ প্রিন্টের টি-শার্টগুলো বেশ আরামদায়ক। আর সেসব টি-শার্টে উজ্জ্বল সব রঙের ব্যবহার করা হয়েছে।’ জানালেন বালুচরের শাহিন চৌধুরী। টি-শার্টগুলোতে কিছু নতুনত্ব এসেছে। টি-শার্টগুলো রেড, গ্রিন, ব্লু, ব্রাউন, অফ হোয়াইট প্রভৃতি রঙের মিশেলে তৈরি করা হয়েছে। ক্যাটস আই, লা-রিভ, ব্যাঙ, ইজি, বালুচর, দর্জি বাড়ি প্রভৃতি ফ্যাশন হাউসগুলোতে রয়েছে দারুণ সব কালেকশন। তবে পিছিয়ে নেই সাধারণ দোকানের বিক্রেতারাও। ক্রেতাদের একটা বিরাট অংশের কথা মাথায় রেখে এসব দোকানেও তোলা হয়েছে নানা রঙের আর নকশার নন-ব্র্যান্ডের টি-শার্ট। নিউমার্কেটের এক টি-শার্ট ব্যবসায়ী বললেন, ‘ছেলেদের টি-শার্টের চাহিদা সারা বছরই থাকে। ঈদে চাহিদা আরো বেড়ে যায়। ঈদ উপলক্ষে নতুন নতুন ডিজাইনের টি-শার্ট নিয়ে এসেছি। পোলো, স্ট্রাইপ, প্রিন্ট, চায়নাসহ বিভিন্ন ধরনের টি-শার্টের কালেকশন রয়েছে এবার।’
টি-শার্ট মানেই তারুণ্যের প্রতীক, তাই কালারফুল করার চেষ্টা রয়েছে সবারই। টি-শার্টের জন্য যেতে পারেন বালুচর, দর্জি বাড়ি, প্লাস পয়েন্ট, ইজি, জেন্টল পার্ক, ক্যাটস আই, সেইলর, ব্যাঙ, কান্ট্রিবয়, ডিমান্ড, এক্সট্যাসি, ওয়েস্টিন কালেকশনসহ বিভিন্ন ব্র্যান্ডের দোকানে।
মডেল সানজু
পোশাক ইজি
ছবি চন্দন রায় চৌধুরী
