অ্যাপল’র স্মার্ট ওয়াচ নিয়ে প্রযুক্তি বিশ্বে তোলপাড় চলছে অনেকদিন ধরেই। এই আলোচনা থিতিয়ে আসতেই জানা গেল অ্যাপল’র সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী স্যামসাংও স্মার্ট ঘড়ি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। জাপানের সনি আবার এমন ঘড়ি আগেই প্রদর্শন করেছে বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনীতে। তবে স্মার্ট ঘড়ি যে সামনের দিনগুলোতে প্রযুক্তি বিশ্বের অন্যতম আলোচিত পণ্য হতে যাচ্ছে, তার প্রমাণ এবার পাওয়া গেল গুগল’র এই ঘড়িতে আগ্রহ দেখে। অ্যাপল আর স্যামসাংয়ের পর গুগল’র অ্যান্ড্রয়েড দল স্মার্ট ঘড়ি তৈরি নিয়ে কাজ করছে বলেই খবরে প্রকাশ পেয়েছে। দ্য টেলিগ্রাফের এক খবরে গুগল’র এই স্মার্ট ঘড়ির তথ্য বেরিয়ে এসেছে। দ্য টেলিগ্রাফের এই প্রতিবেদনে জানানো হয়েছে, গুগল এমন একটি স্মার্ট ঘড়ির প্যাটেন্ট নিয়ে রেখেছে, যাতে রয়েছে ডুয়াল স্ক্রিন ফ্লিপ-আপ ডিসপ্লে। টাচস্ক্রিনের সাথে সাথে একটি ক্যামেরাও থাকছে এই ঘড়িতে। স্বাভাবিকভাবেই এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড। আর অ্যান্ড্রয়েডের মোবাইল অ্যাপসগুলোও সমর্থন করবে এটি। শেষ পর্যন্ত প্রসেসর, জিপিএস, ব্লুটুথ, তারহীন নেটওয়ার্কসহ যাবতীয় সুবিধা ছোট্ট এই ঘড়িতে একীভূত করাটা একটা চ্যালেঞ্জ বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
