ইন্টারনেটে ১০ হাজারেরও বেশি চরমপন্থি ওয়েবসাইট

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২১:০৭
ইন্টারনেটে ১০ হাজারেরও বেশি চরমপন্থি ওয়েবসাইট রয়েছে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিঙ্গাপুরের সন্ত্রাস বিরোধী কার্যক্রমের এক বিশ্লেষক। তার নাম রোহান গিনারত্না। তিনি সেখানকার ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেরোরিজম রিসার্চ সংস্থার প্রধান। খবর ডন অনলাইনের। সংবাদ সম্মেলনে তিনি এ ধরনের জঙ্গি গোষ্ঠীর ইন্টারনেটে প্রপাগান্ডা চালানোকে প্রতিহত করার আহ্বান জানিয়ে বলেন, এই সংগঠনগুলো ক্রমেই সাইবার জগতে তাদের সক্ষমতা বাড়াচ্ছে। বলা যেতে পারে এ ক্ষেত্রে তারা সফলতার পরিচয়ই বহন করছে। তিনি বলেন, আমাদের এ বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মাথায় রাখতে হবে। সেইসঙ্গে তাদের সাইবার কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে হবে। আগামী ১০ বছরের মধ্যে আমাদের সেই পারদর্শিতা অর্জন করতে হবে যাতে করে তাদের ইন্টারনেটে সবধরনের অপতত্পরতা শনাক্ত এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যায়। সম্মেলনে অন্য বক্তারাও বলেন, এ ক্ষেত্রে মধ্যপন্থি ইসলামি দলগুলো ও সরকার এক হয়ে এসব চরমপন্থির ইন্টারনেটে নানা ধরনের অপপ্রচার বন্ধে পদক্ষেপ নিতে হবে। বক্তরা আরো বলেন, ইউ টিউব, ফেইসবুক, টুইটার এবং অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমকে চরমপন্থিরা অপব্যবহার করে তাদের উদ্দেশ্যে বাস্তবায়ন করছে। তাই অন্যান্য মধ্যপন্থি ধর্মীয় নেতাদেরও সরকারের সঙ্গে বসে এগুলো রুখতে হবে। সম্মেলনে উপস্থিত হওয়া সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং চরমপন্থিদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে বন্ধে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান। এছাড়া এতে ৫শ’ নিরাপত্তা পর্যালোচক ও ধর্মীয় নেতারা অংশগ্রহণ করেন।