লক্ষ্মীপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ১৩টি পদের মধ্যে ১০টি দীর্ঘদিন থেকে শূন্য। ফলে প্রাথমিক শিক্ষা ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে। কর্মকর্তাদের পদ শূন্য থাকায় গ্রাম অঞ্চলের স্কুলগুলোর সঠিক তদারকি হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, লক্ষ্মীপুর পৌরসভাসহ ২১টি ইউনিয়নে ২৮৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসকল প্রতিষ্ঠান পরিদর্শন ও প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নের জন্য ১৩ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। গত ১ বছর ধরে সদর উপজেলায় ১০টি পদ শূন্য রয়েছে। এতে ৩ জন কর্মকর্তার বিশাল এ উপজেলার কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। সরেজমিন গিয়ে জানা গেছে, শিক্ষা কর্মকর্তার পদগুলো খালি থাকায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান অনেক কমে গেছে।
জরুরিভিত্তিতে শিক্ষা কর্মকর্তা নিয়োগ না দিলে সদর উপজেলার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় যে সাফল্য অর্জিত হয়েছে তা ধরে রাখা কঠিন হবে। এ ব্যাপারে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জগদীশ চন্দ্র দেবনাথ জানান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অধিকাংশ পদ খালি থাকায় বিদ্যালয়গুলো পরিদর্শন করা সম্ভব হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
