লাক্স তারকা ও মডেল সুমাইয়া আজগার রাহার (২০) লাশ গতকাল বৃহস্পতিবার আজিমপুর কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে নেয়া হয়েছে। আজিমপুর কবরস্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু’র উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।
মোহাম্মদপুর থানার এসআই আনোয়ার হোসেন জানান, আদালতের নির্দেশে এই লাশ উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাহার বাবা আলী আজগার ও চাচা জামাল উদ্দিন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু জানান, লাশ গলে গেছে। মৃত্যুর কারণ জানতে ময়না তদন্তের জন্য অপেক্ষা করতে হবে।
এর আগে বুধবার রাহার লাশ ময়না তদন্তের জন্য কবর থেকে তোলার আদেশ দেন ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফজল মীর।
গত ২২ মার্চ মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে মডেল রাহার রহস্যজনক মৃত্যু হয়। ঘটনার পর তার বাবা আলী আজগার মেয়ের নাম পরিচয় গোপন করে ভুয়া ঠিকানা ব্যবহার করে আজিমপুর কবরস্থানে লাশ দাফন করেন। রাহার মৃত্যুর কারণ হিসাবে তার বাবা পুলিশের কাছে জানান, তার মেয়ে একজন প্রতিবন্ধী। শ্বাসকষ্টজনিত কারণে তার মৃত্যু হয়েছে। পরে রাহার মৃত্যু নিয়ে বিভিন্ন মহল সন্দেহ করলে পুলিশ তদন্তে নামে। গত রবিবার রাতে রাহার বাবা মোহাম্মদপুর থানায় অপমৃত্যু মামলা করেন। এতে বলা হয়, রাহা শুক্রবার রাতে ঐশিক ও লামিয়া নামে দুই বন্ধুর সঙ্গে বাসায় ফিরেন। এ সময় শরীর খারাপ লাগছে বলে তার মাকে জানান। তার মা তাকে লেবুর শরবত খেতে দেন। এরপর স্বাভাবিক-ভাবে ঘুমিয়ে পড়ে রাহা। পরদিন সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে তারা দরজা ভেঙে দেখেন রাহা ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।
২০০৭ সালে লাক্স তারকা প্রতিযোগিতায় রাহা তৃতীয় হয়েছিলেন। এরপর তিনি কয়েকটি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন।
