সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ২২তম সাক্ষীর জেরা শেষ

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২২:০৫
ইত্তেফাক রিপোর্ট বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এমপি’র বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২২তম সাক্ষী অনীল বরণ ধরকে জেরা শেষ করেছে আসামিপক্ষ। গতকাল বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক হেনা। জেরা শেষে মামলার কার্যক্রম আগামী ১ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে। জেরায় এক প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, ১৯৭২ সালে আমি রাউজান থানায় একটি মামলা দায়ের করেছিলাম। উক্ত মামলায় এজাহার নামীয় আসামি ছিলেন ফজলুল কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীসহ মোট ১৬ জন। সেই মামলায় ফজলুল কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয়েছিল কিনা তা আমার স্মরণ নেই। জেরায় অপর এক প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যা বলেছি তা উদ্দেশ্যপ্রণোদিত নয়। এছাড়া সালাউদ্দিন কাদেরের প্রতিপক্ষের লোকজন আমাকে ভারত থেকে এনে মিথ্যা সাক্ষ্য দেয়াচ্ছে এ কথাও সত্যি নয়। এর আগে সকালে হরতালের কারণে সালাউদ্দিন কাদেরের আইনজীবী হেনাকে পুলিশি নিরাপত্তা দিয়ে ট্রাইব্যুনালে আনা হয়।