বাংলাদেশ মানসম্পন্ন গাড়ি তৈরি করতে সক্ষম :বাণিজ্যমন্ত্রী

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২২:০৫
বাসস বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বাংলাদেশ মানসম্পন্ন গাড়ি তৈরি করতে সক্ষম এবং দেশের অর্থনীতি এখন সফলভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ অনেক সূক্ষ্ম ও মানসম্পন্ন যন্ত্রপাতি সফলভাবে তৈরি করছে। বাংলাদেশের তৈরি পোশাক বিশ্ব বাজারে স্থান করে নিয়েছে। তৈরি পোশাক শিল্পের জন্য প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি এখন বাংলাদেশেই সফলভাবে তৈরি হচ্ছে। তিনি গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেমস্ গ্লোবাল কনফারেন্স এন্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লি.-ইউএসএ এবং সেমস্ বাংলাদেশ যৌথভাবে আয়োজিত তিনদিনব্যাপী ৮ম ঢাকা মোটর শো উদ্বোধন করে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করছিলেন। উল্লে¬খ্য, ঢাকা মোটর শো-তে বিশ্বের ৬৮টি প্রতিষ্ঠানের ৩৫০টি স্টল রয়েছে। এতে বাংলাদেশ ও বহির্বিশ্ব হতে আগত বিশ্বনন্দিত ও প্রথম সারির গাড়ি, মোটর সাইকেল, ডিষ্ট্রিবিউটর ও ডিলার সেই সাথে ব্যাংক, লুব্রিকেন্ট প্রতিষ্ঠান, সিএনজি কনভারশন প্রতিষ্ঠান, অটোমোটিভ যন্ত্রাংশ প্রস্তুতকারক ও আমদানিকারক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রদর্শনী থেকে এ খাতের গ্রাহকগণ নতুন পণ্যের সাথে পরিচিতি লাভ করে চাহিদামত পণ্য গ্রহণ করতে পারবেন। প্রদর্শনী আগামী ৩০ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।