সারাদেশে দুর্যোগ সহনীয় দুই লাখ বাড়ি করে দিচ্ছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেট : ০৬ মে ২০১৯, ১৯:৪১

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, 'সরকার সারাদেশে দুই লাখ দুর্যোগ সহনীয় বাড়ি করে দিচ্ছে।' সোমবার বিকালে লালপুর উপজেলার ধুপইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ৪ হাজার দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'স্বাস্থ্যসম্মত পায়খানা ও রান্নাঘর সুবিধাসহ এসব বাড়ি বন্যা, ঘূর্ণিঝড়, বজ্রপাত প্রতিরোধে সক্ষম। কোন মানুষ যেন বাস্তুহারা না থাকে সেই লক্ষ্যে সরকার কাজ করছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্মাণাধীন এসব বাড়ি ইতিমধ্যে বাস্তবায়ন পর্যায়ে চলে গেছে। প্রতিটি বাড়ির নির্মাণ ব্যয় হবে দুই লাখ ৫৮ হাজার টাকা। সুষ্ঠু তদারকীর মাধ্যমে এসব বাড়ি নির্মাণে যথাযথ মান বজায় রাখতে হবে। সংশ্লিষ্ট বাস্তবায়ন কমিটি এ ব্যাপারে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।'

আরও পড়ুন:  চুয়াডাঙ্গায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

তিনি আরও বলেন, 'বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বে আরো এগিয়ে যাবে সামনে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।'

নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, লালপুরের উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানিন দ্যুতি ও হাফিজ-নাজনিন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান।

ইত্তেফাক/জেডএইচডি